সুইটি চন্দ্র, পুরুলিয়া:
পথ নিরাপত্তাকে কেন্দ্র করে নতুন পদক্ষেপ পুরুলিয়া জেলা পুলিশের।জেলার বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকায় চারটি সাব ট্রাফিক গার্ড গড়ার প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে ট্রাফিক অ্যান্ড রোড সেফটির অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলের কাছে। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন, “পথ দুর্ঘটনা কমানো এখন আমাদের অগ্রাধিকার। অটোমেটিক ট্রাফিক সিগন্যালের পাশাপাশি চারটি সাব ট্রাফিক গার্ড গড়ে তোলা হবে। সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বাস্তবায়ন শুরু করব।”
কোথায় গড়বে সাব ট্রাফিক গার্ড? হাতোয়াড়া , রঘুনাথপুর, বলরামপুর ও
ঝালদায়।
প্রতিটি সাব ট্রাফিক গার্ডে থাকবেন একজন সাব-ইন্সপেক্টর, দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, প্রায় ১৫ জন পুলিশকর্মী এবং ১০০র বেশি সিভিক ভলান্টিয়ার। জেলা পুলিশের মতে, শুধু আইন প্রয়োগ নয় সচেতনতা বাড়ানোই হবে মূল লক্ষ্য।
দুর্ঘটনা রোধে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার আরও জোরদার করা হবে। বিশেষ করে হেলমেট ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশজুড়ে বছরে প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়; তার মধ্যে উল্লেখযোগ্য অংশ হেলমেট না পরার কারণে। এই বাস্তব তথ্য তুলে ধরেই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হবে স্কুল-কলেজ, বাজার এলাকা ও গ্রামীণ অঞ্চলে।
বর্তমানে পুরুলিয়া মফস্বল থানার পাশে একটি ট্রাফিক গার্ড রয়েছে, যা শহর পুরুলিয়া সহ মফস্বল ও টামনা থানার একাংশ দেখভাল করে। নতুন চারটি সাব ট্রাফিক গার্ড সেই ব্যবস্থাকেই আরও শক্তিশালী করবে।
জেলার দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে কারণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই সাব ট্রাফিক গার্ড স্থাপনের সিদ্ধান্ত। পুলিশ প্রশাসনের আশা, এই কাঠামোগত বদল ও ধারাবাহিক সচেতনতা অভিযানের মাধ্যমে আগামী বছরগুলিতে দুর্ঘটনা ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
পথ নিরাপত্তা নিয়ে জেলা পুলিশের এই নতুন উদ্যোগ এখন কার্যকর হওয়ার অপেক্ষায়। অনুমোদন মিললেই পুরুলিয়ায় ট্রাফিক ব্যবস্থাপনায় শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়।










Post Comment