নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মাধ্যমিক পরীক্ষার পর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল এক কিশোরী।
হঠাৎ শারীরিক অসুস্থতা ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার জেলায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত শনিবার থেকে তীব্র পেটব্যথায় ভুগছিল বছর ১৬র ওই ছাত্রী। পরিস্থিতি জটিল হওয়ায় রবিবার তাকে পুরুলিয়া শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর উঠে আসে এমন এক তথ্য, যা পরিবারকে গভীরভাবে নাড়িয়ে দেয়। জানা যায় ওই কিশোরীটি সন্তানসম্ভবা।
পরিবার সূত্রে অভিযোগ, প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এক যুবক। বিষয়টি প্রকাশ্যে আসতেই সোমবার পরিবারের তরফে পুরুলিয়া মফস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তার বাড়ি পুরুলিয়া শহরের কেতিকা এলাকায়। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে এক বিশেষ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।











Post Comment