নিজস্ব প্রতিনিধি, হুড়া:
জাতীয় সড়কে খোদ পুলিশের টহলদারি ভ্যানকেই ধাক্কা মেরে বসল লরি। তবে পালাতে পারল না। পিছু ধাওয়া করে ওই লরিটি পাকড়াও করল পুলিশ। দ্রুত এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে লরির চালককে গ্রেফতার করেছে পুরুলিয়া জেলার হুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চালকের নাম ইরশাদ আনসারি। তার বাড়ি ঝাড়খণ্ডের চাণ্ডিল থানার পান্ডরি গ্রামে। পুরুলিয়া – বাঁকুড়া ৩৪ এ জাতীয় সড়কে বুধবার রাতে হুড়া থানার একটি পুলিশ ভ্যান টহল দিচ্ছিল। সেই সময় বেপরোয়া ভাবে একটি লরি অত্যন্ত দ্রুত গতিতে এসে পুলিশ ভ্যানের পেছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ গাড়িতে থাকা একজন কনস্টেবল এবং চালক আহত হন। পরে ওই লরিটিকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।











Post Comment