insta logo
Loading ...
×

আড়শায় দুঃসাহসিক ছিনতাই, আহত স্বর্ণ ব্যবসায়ী

আড়শায় দুঃসাহসিক ছিনতাই, আহত স্বর্ণ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি , আড়শা:

দোকান বন্ধ করে নির্বিঘ্নে বাড়ি ফেরা হলো না স্বর্ণ ব্যবসায়ী গণেশ দত্তের। কাঁটাডি স্টেশনের উদ্দেশে যাওয়ার পথে দুষ্কৃতিদের হামলার শিকার হলেন তিনি। মোটরসাইকেলে চেপে আসা দুই দুর্বৃত্ত তার হাতের ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ব্যাগের ভিতরে সোনা-রূপার গয়না ও নগদ টাকা ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, গণেশ দত্তের বাড়ি বলরামপুর থানার রাঙাডি গ্রামে। আড়শা ব্লকের কাঁটাডি মোড়ে তার একটি স্বর্ণ বিপণী। প্রতিদিনের মতোই সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে ট্রেন ধরতে স্টেশনের পথে রওনা দিয়েছিলেন তিনি। সেই সময়ই হঠাৎ পিছন দিক থেকে মোটরসাইকেলে এসে দুই দুষ্কৃতি তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিতে যায়। বাধা দিতে গেলে ব্যবসায়ীকে মারধর করা হয়, ফলে তিনি আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আড়শা থানার পুলিশ। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। ব্যাগে ঠিক কত টাকা ও কত পরিমাণ সোনা-রূপা ছিল তা এখনও জানা যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Post Comment