নিজস্ব প্রতিনিধি, আড়শা:
অযোধ্যা পাহাড়ের পাদদেশে ভালডুংরি গ্রামে অবস্থিত সিধু কানু মিশনে বৃহস্পতিবার ফের মানবিক মুখ বলাগড় লায়ন্স ক্লাবের। অনাথ ও দুস্থ শিশুদের জন্য খাদ্য, লেখাপড়া ও শীতবস্ত্র বিতরণ করল ক্লাবের সদস্যরা।
সংগীত শিল্পী নরেন হাঁসদা পরিচালিত এই মিশনে বহু বছর ধরেই আশ্রয় পেয়েছে অসহায় শিশুদের একটি দল। তাদের ভরণপোষণ ও শিক্ষার দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন নরেনবাবু। সেই কাজকে আরও এগিয়ে নিতে গত পাঁচ বছর ধরে পাশে রয়েছে বলাগড় লায়ন্স ক্লাব।
এদিন ক্লাবের সদস্যরা শিশুদের হাতে তুলে দেন চাল, ডাল, বিস্কুট, লজেন্স, পড়াশোনার সরঞ্জাম ও কম্বল। পাশাপাশি মিশনের হাতে তুলে দেওয়া হয় ১০,০০০ টাকার একটি চেক ও ২,০০০ টাকা নগদ সহায়তা।
বলাগড় লায়ন্স ক্লাবের সদস্য গৌতম শেঠ বলেন, “আমরা শুধু সিধু কানু মিশনের পাশে নই, সারা বছরই নানা সামাজিক উদ্যোগে কাজ করে চলি। সমাজের প্রতি দায়বদ্ধতাই আমাদের প্রেরণা।”
অযোধ্যা পাহাড়ের নির্জন প্রান্তে সিধু কানু মিশনের এই উদ্যোগ ও বলাগড় লায়ন্স ক্লাবের সহায়তা মিলেমিশে এক অনন্য মানবিকতার উদাহরণ তৈরি করল।











Post Comment