insta logo
Loading ...
×

নির্বাচনের আগে পুরুলিয়ায় দলবদলের হিড়িক নেতা কর্মীদের

নির্বাচনের আগে পুরুলিয়ায় দলবদলের হিড়িক নেতা কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নির্বাচনের আগে পুরুলিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- কর্মীদের দলবদল অব্যাহত। রবিবার বাঘমুন্ডিতে তৃণমূল, বিজেপি, আজসু ছেড়ে ৪৯ টি পরিবার তাদের দলে যোগদান করলো বলে দাবি কংগ্রেসের। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডির কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো।

যোগদানের পর তৃণমূলের নেতা-কর্মীরা বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারা দাবি করেন এই আসনে শাসক দল জয়লাভ করার পর মদের ভাটি বেড়েছে। রাস্তাঘাট তৈরি না হয়ে দুর্নীতি হয়েছে। বাঘমুন্ডির কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বলেন, ” তৃণমূল এই বাঘমুন্ডি এলাকায় কোন উন্নয়নের কাজ করেনি। যারা তৃণমূলে ছিলেন তারা নিজেরাই বলছেন দুর্নীতি হয়েছে । এবার বাঘমুন্ডিতে পরিবর্তন হবে। “

তবে এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বাঘমুন্ডি বিধানসভা তৃণমূল নেতৃত্ব l
অপরদিকে এই বিধানসভার তুলিনে বিভিন্ন দল থেকে শতাধিক মহিলা সহ কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। সাথে ছিলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো। জেলা সভাপতি শঙ্কর মাহাত জানান, “শুধু তুলিন নয়, গোটা রাজ্যজুড়েই বিজেপির প্রতি মানুষের আস্থা বাড়ছে। পরিবর্তনের আশায় সাধারণ মানুষ দলে যোগ দিচ্ছেন।”

দল ভারি করার লড়াইয়ে পিছিয়ে নেই তৃণমূলও। শনিবার বলরামপুর বিধানসভার গাড়াফুসড়ো ১৪ নম্বর বুথের পঞ্চায়েতে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী ও পঞ্চায়েত সদস্য হিনা মাহাতো তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বলরামপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো।

Post Comment