নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আবার স্যোশাল মিডিয়ায় বিস্ফোরক প্রয়াত কেপি সিং দেও র পুত্র দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও। বৃহস্পতিবার তিনি স্যোশাল মিডিয়ায় নতুনভাবে পোস্ট করেছেন, “পুরুলিয়া বিধানসভায় আড়াই লক্ষ এর উপরে ভোটার, এত বিপুল সংখ্যক শিক্ষক, ডাক্তার সহ বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী ছাড়াও অনেকের বসবাস , তবুও কি পুরুলিয়া বিধানসভায় একজন যোগ্য প্রার্থী খুঁজে পেল না তৃণমূল। এটা সমগ্র পুরুলিয়া বিধানসভার কর্মী ও সাধারণ মানুষদের অপমান। “
তাহলে কি সত্যি সত্যিই তিনি পুরুলিয়া আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। এই পোস্টের পরেই শুরু হয়েছে জেলা জুড়ে রাজনৈতিক জল্পনা।
বিধানসভা নির্বাচনে পুরুলিয়া আসনে তৃণমূল প্রার্থী করেছে বর্ষীয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থীর তালিকায় তার নাম ঘোষণা হতেই সমাজ মাধ্যমে প্রয়াত কেপি সিং দেও-র পুত্র দিব্যজ্যোতিপ্রসাদ সিং দেও মঙ্গলবার প্রথম পোস্ট করেছিলেন , “আমি দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও, স্বর্গীয় কে পি সিং দেও এর সুযোগ্য পুত্র হিসেবে পুরুলিয়া বিধানসভার সাধারণ মানুষদের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকবো, আমি পুরুলিয়া বিধানসভার মানুষের সেবা করার জন্য আগামী দিনে ভোটের লড়াই এ সকলের আশীর্বাদ এর আশা নিয়ে মাঠে নামছি।”
তারপরেই এই পোস্টের পরেই শহর পুরুলিয়া জুড়ে শোরগোল পড়ে যায়। তাহলে কি আসন্ন বিধানসভা ভোটে পুরুলিয়া আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি?

কয়েক দিন আগেই কেপি সিং দেও-র স্মরণসভায় পুরুলিয়ার প্রাক্তন পৌর প্রধান নবেন্দু মাহালি প্রকাশ্যে তাঁর পুত্র দিব্যজ্যোতি প্রসাদ সিং দেওকে ‘প্রার্থী হিসেবে দেখতে চাই’ বলে ঘোষণা করেছিলেন। পাশাপাশি দলের একাংশ চাইছিল তাঁকে প্রার্থী হিসেবে। কিন্তু তারপরেও দিব্যজ্যোতিকে প্রার্থী করেনি দল।
এবার পুরুলিয়া আসনে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে তৃণমূলের অন্দরের বিদ্রোহ প্রকাশ্যে। দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও যদি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন, তাহলে কি বদলে যেতে পারে পুরুলিয়ার ভোট সমীকরণ?









Post Comment