insta logo
Loading ...
×

ট্যাক্সি স্ট্যান্ডে কুড়মি যৌথ মঞ্চের সভা, ভোটে নিরপেক্ষ থাকার ঘোষণা

ট্যাক্সি স্ট্যান্ডে কুড়মি যৌথ মঞ্চের সভা, ভোটে নিরপেক্ষ থাকার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কুড়মি সমাজের ভোট কোন দিকে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিলই। সেই জল্পনার মধ্যেই বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে প্রথম জনসভা করে ভোটে নিরপেক্ষ থাকার ঘোষণা করল কুড়মি যৌথ মঞ্চ। জঙ্গলমহলে কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্তির দাবিকে সামনে রেখেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানান মঞ্চের নেতৃত্ব।

কুড়মি যৌথ মঞ্চের অন্তর্ভুক্ত তিনটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ওই সভা থেকে নির্বাচনের ক্ষেত্রে কোনও রাজনৈতিক দলের পক্ষ নেওয়া হবে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি। তবে সভার পর জেলাশাসকের কাছে ১৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন মঞ্চের প্রতিনিধিরা।

স্মারকলিপি জমা দিয়ে ফিরে ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজের মূল উপদেষ্টা ড. সুজিত মাহাতো বলেন, “এটি আমাদের প্রথম জনসভা। প্রত্যাশামতোই মানুষের উপস্থিতি ছিল। কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করার দাবিই আমাদের মূল দাবি। ২০১৭ সাল থেকে এই বিষয়ে কমেন্ট–জাস্টিফিকেশন রাজ্য সরকারের ঘরে পড়ে রয়েছে। সেটি দ্রুত কেন্দ্রের কাছে পাঠাতে হবে।”

ভোট প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমরা আগামী নির্বাচনে নিরপেক্ষ থাকব। এটি একটি সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলন আর রাজনীতি আলাদা। সমাজের তরফ থেকে কারও পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয় না। তবে ভবিষ্যতে যদি কেউ আমাদের দাবি পূরণে উদ্যোগী হন, তখন তাঁদের পাশে দাঁড়ানো নিয়ে ভাবা হবে।”

অন্যদিকে , চুয়াড় বিদ্রোহের নায়ক বিপ্লবী রঘুনাথ মাহাতোর জন্মদিন উপলক্ষে আগামী ২১ মার্চ ‘শেউরন’ নামে একটি কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। সেদিন পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সংলগ্ন গরাম থান থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে সেখানেই শেষ হবে। ওই কর্মসূচির মাধ্যমে রঘুনাথ মাহাতোর প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই তথ্য জানিয়ে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, “যৌথ মঞ্চের প্রথম সভার জন্য আমরা শুভেচ্ছা জানিয়েছিলাম। ওই মঞ্চে ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজ যেমন রয়েছে, তেমনই রাজনৈতিক দল জেএলকেএম-ও আছে। জঙ্গলমহলের মানুষ জানতে চাইছেন—একই সঙ্গে সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের কাজ কতটা করে করা সম্ভব।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, আদিবাসী কুড়মি সমাজ যখন ভোটে বিজেপিমুখী হয়েই গেছে, তখন কুড়মি যৌথ মঞ্চের নিরপেক্ষ অবস্থান জঙ্গলমহলের কুড়মি সমাজের কাছে আলাদা বার্তা বহন করছে।

Post Comment