নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
তৃণমূলে সম্মান ছিল না। তাই ‘বঙ্গভূষণ’ সাঁওতালি সাহিত্যের অন্যতম চর্চিত নাম তথা জেলা পরিষদের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি যোগ দিলেন বিজেপিতে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে পদ্ম পতাকা গ্রহণ করেন প্রখ্যাত কলেন্দ্রনাথ। আর সেই বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট দিতে গিয়ে কলেন্দ্রনাথকে কালীন্দ্র নাথ লিখে ফেললেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

অন্যদিকে তৃণমূল জানায় , তিনি দীর্ঘদিন ধরে দল বিরোধী কাজে যুক্ত ছিলেন। তার বিজেপিতে যোগদান ভোটে কোনো প্রভাব ফেলবে না।
বিজেপিতে যোগ দিয়ে কলেন্দ্রনাথ মান্ডি জানান, “২০১২ সাল থেকে আমি তৃণমূলে ছিলাম। শুধু অপমানিত, লাঞ্ছিত আর বঞ্চিত হয়েছি।”
তিনি আরও জানান,”২০১৬ ও ২০২১-সালের বিধানসভায় প্রার্থী পদের দাবিদার ছিলাম। এমনকি ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী পদেও আমার নাম ছিল। কিন্তু চক্রান্ত করে আমাকে বারে বারে প্রার্থী পদ থেকে বাদ দেওয়া হয়েছে। সম্মানের জন্য বিজেপিতে যোগদান করেছি। “
তবে তাঁর ক্ষোভ, দলের জেলা সভাপতি রাজীবলোচন সোরেনের বিরুদ্ধে। জেলা সভাপতি রাজীবলোচন সোরেন বলেন, ” উনি দলবিরোধী কাজ করছিলেন। তাই ব্লক তৃণমূল নেতৃত্ব রেজিউলেশন নিয়ে তাঁকে দলের কাজকর্ম থেকে দূরে রাখে।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি ‘বঙ্গভূষণ’ সম্মাননা গ্রহণ করেন।










Post Comment