নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পুরুলিয়ায় ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি। চলতি বছরের পরীক্ষার্থী তালিকাই সে কথা বলছে। প্রশাসনের মতে, নারী শিক্ষায় অগ্রগতির এই চিত্রের পিছনে বড় ভূমিকা কন্যাশ্রী প্রকল্পের।
চলতি বছরে জেলায় মোট পরীক্ষার্থী ২৪,৬০৬ জন। তার মধ্যে ছাত্র ১১,৯৩০ এবং ছাত্রী ১২,৬৭৬। জেলা জুড়ে রয়েছে ৭৪টি পরীক্ষাকেন্দ্র—৪২টি মূল ও ৩২টি অতিরিক্ত। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, “কন্যাশ্রী প্রকল্পের সুফলে বেশ কয়েক বছর ধরেই রাজ্য জুড়ে ছাত্রীদের স্কুলছুটের সংখ্যা কমেছে। মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিকেও পুরুলিয়ায় ধারাবাহিকভাবে ছাত্রীর সংখ্যা বেশি দেখা যায়।”

পরীক্ষা পরিচালনা কমিটির জেলার যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় জানান, “পুরুলিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা সবদিক থেকে প্রস্তুত।” আপৎকালীন দলের সদস্য বিকাশ মাহাতো বলেন, “পরীক্ষার্থীদের সুবিধাই আমাদের প্রথম লক্ষ্য। ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে।”
পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও মেটাল ডিটেক্টর থাকছে। মোবাইল বা যে কোনও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। কারও কাছে মোবাইল পাওয়া গেলে পরীক্ষা বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছে সংসদ।
জেলায় যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।










Post Comment