নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
নিজের বিয়ে নিজেই রুখল এক কন্যাশ্রী। পুরুলিয়ার মানবাজার ২ ব্লক এলাকার চন্দনপুর হাইস্কুলের এক ছাত্রী রুখল নিজের বিয়ে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষক ও কন্যাশ্রী ক্লাবের সহপাঠীদের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে একাদশ শ্রেণীর এক কিশোরী। সে জানায় পরিবার তার অমতে বিয়ে ঠিক করেছে। কিন্তু সে এখন পড়তে চায়। বিষয়টি জেনে ছাত্রীকে সঙ্গে নিয়ে মানবাজার ২ ব্লক কার্যালয়ে পৌঁছান চন্দনপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যকিঙ্কর মাহাতো।
মানবাজার ২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাসের নির্দেশে ছাত্রীর বাড়িতে পৌঁছায় কন্যাশ্রী ক্লাবের পড়ুয়ারা।ছিলেন বোরো থানার পুলিশ, সিডিপিও এবং চাইল্ড লাইনের প্রতিনিধিরা। কিশোরীর বাবা – মাকে জানানো হয়, আঠারো বছরের আগে মেয়েদের বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপশি কী কী ধরনের শারীরিক সমস্যা হতে পারে অপরিণত বয়সের বিয়েতে সেই সমস্ত বিষয়ে বোঝানো হয়। ওই কিশোরীর পড়াশোনায় যাতে কোনো বাধা না দেওয়া হয় সেই বিষয়ে কথা বলেন তাঁরা। ওই কিশোরীর বাবা – মা মুচলেকা দিয়ে জানিয়েছেন প্রাপ্ত বয়স্ক না হলে তাদের মেয়ের বিয়ে দেবেন না তাঁরা।
মানবাজার ২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস বলেন,”কিশোরীটি পড়তে চেয়ে নিজের বিয়ের প্রতিবাদ করেছে। বিষয়টি আমাদের নজরে আসতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই কিশোরী যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য ব্লক প্রশাসন তার পাশে থাকবে।”
স্থানীয় ও প্রসাশন সূত্রে জানা গিয়েছে মামা বাড়িতে থেকে পড়াশোনা করে ওই কিশোরী। বরাবাজার ব্লক এলাকার এক যুবকের সাথে ওই কিশোরীর অমতে বিয়ে ঠিক করে পরিবার।মঙ্গলবার ছিল বিয়ে। কয়েকজন আত্মীয়ও ইতিমধ্যে বাড়িতে হাজির। তবে শেষ মুহূর্তে বিয়ের বিষয়টি জানতে পেরে স্কুলের দ্বারস্থ হওয়ায় নিজের বিয়ে আটকাল ওই কন্যাশ্রী। এই ঘটনায় ওই কিশোরীর প্রশংসা করেছে ব্লক প্রশাসন।











Post Comment