নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
পুরুলিয়ার জঙ্গল ও পাহাড়ি এলাকায় গোপনে অবৈধ পোস্ত চাষ বাড়ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। অভিযোগ, রায়ত জমির পাশাপাশি সরকারি জমিকেই মূলত বেছে নিচ্ছে অবৈধ চাষিরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাশের রাজ্য ঝাড়খণ্ডের কিছু ব্যবসায়ীর মদতেই জঙ্গলমহলে এই অবৈধ চাষ ছড়িয়ে পড়ছে।
সোমবার সকালে ওই অভিযোগের ভিত্তিতে অযোধ্যা পাহাড়তলিতে বলরামপুর ব্লকের গেড়ুয়া অঞ্চলে পুলিশ ও বনদফতরকে সাথে নিয়ে অভিযান চালালো আবগারি দফতর । প্রথমে দুর্গম এলাকায় আকাশে ড্রোন উড়ানো হয়। পোস্ত চাষের নিখুঁত জায়গা দেখার পর বাঘনা ,ভাঙ্গিডি ও বাঁধডি মৌজায় শুরু হয় অভিযান। তারপর লাঠি ও ট্রাক্টরের সাহায্যে বিঘার পর বিঘা জমিতে নষ্ট করা হয় পোস্ত চাষ। অভিযানে ছিলেন বলরামপুর ব্লকের বিডিও বিডিও সৌগত চৌধুরী,আইসি অর্ণব গুহ,রেঞ্জ আধিকারিক অর্পিতা কুন্ডু সহ আবগারি দফতরের আধিকারিক ও পুরুলিয়া থেকে আসা বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ ও প্রশাসন জানতে পারে ঝোপঝাড় ঘেরা এলাকায় বেশ কিছু রায়ত জমিতেই বেআইনি পোস্ত চাষ হয়েছিল। পাশাপশি বহু জায়গায় বন দফতরে জমিতেও অসাধু কিছু ব্যক্তি ওই মাদক চাষ করেছিল।এই ঘটনায় এক জন জমির মালিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আবগারি দফতর ।
প্রসঙ্গত, সম্প্রতি জেলার অযোধ্যা পাহাড় সংলগ্ন আড়শা ও বাঘমুন্ডি ব্লকের বনাঞ্চলে আবগারি দফতর, বনদফতর ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ পোস্ত চাষ নষ্ট করা হয়েছে। বলরামপুর এলাকাতেও পড়শি রাজ্য ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।











Post Comment