insta logo
Loading ...
×

‘আগ্নেয়গিরি’ জয়চণ্ডীতে উৎসবের আবহে রাস্তার দাবিতে কী বললেন সাংসদ?

‘আগ্নেয়গিরি’ জয়চণ্ডীতে উৎসবের আবহে রাস্তার দাবিতে কী বললেন সাংসদ?

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

যে জয়চণ্ডী পাহাড়কে বিশ্বমঞ্চে ‘হীরক রাজা দেশ’-এর রূপে চিনিয়েছিলেন বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়, সেই জয়চণ্ডী পাহাড়েই রবিবার শুরু হয়ে গেল পর্যটন উৎসব। পাহাড়ের পাদদেশে উৎসবের উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, রঘুনাথপুর পুরপ্রধান তরণী বাউরি ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। আয়োজকদের মতে, এই পর্যটন উৎসব চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।

উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে ‘সুপ্ত আগ্নেয়গিরি’ হিসেবে পরিচিত জয়চণ্ডী পাহাড়। বর্তমানে এটি পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র। পর্বতারোহীদের কাছেও পাহাড়টি বেশ জনপ্রিয়। ইতিহাস মেশানো এই শুষ্ক, খটখটে পাহাড়ে পর্যটক টানার লক্ষ্যেই বাম আমলে শুরু হয়েছিল এই উৎসব। যার মূল রূপকার ছিলেন প্রয়াত সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া।

উৎসবের প্রথম দিনেই পাহাড়ে চোখে পড়ার মতো ভিড় জমেছে। পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বসেছে বিভিন্ন স্টলও। শীতের আমেজে জয়চণ্ডী পাহাড় ঘিরে তাই উৎসবের রেশ যেন আরও জমাট।

তবে উৎসবের রঙিন আবহের মধ্যেই চাপা ক্ষোভ ধরা পড়েছে স্থানীয়দের মধ্যে। পুরুলিয়া জেলা পরিষদ থেকে রাস্তা নির্মাণের জন্য ৮৮ লক্ষ টাকা বরাদ্দ হলেও এখনও পূর্ণাঙ্গ রাস্তা হয়নি বলে অভিযোগ। এ নিয়ে সাংসদ অরূপ চক্রবর্তী আশ্বাস দেন, জয়চণ্ডী পাহাড়ে শীঘ্রই উপযুক্ত রাস্তা নির্মাণ করা হবে।

Post Comment