নিজস্ব প্রতিনিধি,কাশিপুর:
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে কাশিপুর ব্লকের লাড়া মোড়ে কালিয়াদা এমএসকে স্কুল সংলগ্ন এলাকায় শুক্রবার শুরু হলো তিন দিনব্যাপী ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথরিয়ার উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
শিবিরের মাধ্যমে গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজে চিকিৎসা পরিষেবা পান, সেটাই মূল উদ্দেশ্য।
শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। রক্ত পরীক্ষা, ইসিজি সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে। বহু মানুষ এদিন শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।
রাজ্য তৃণমূলের সম্পাদক সৌমেন বেলথরিয়া বলেন, “কাশিপুর বিধানসভা এলাকায় ইতিমধ্যেই একাধিক জায়গায় ‘সেবাশ্রয়’ শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্যায়ে তালাজুড়ি এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়েছিল। বর্তমানে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হয়েছে সোনাথলি অঞ্চলের কালিয়াদা এমএসকে স্কুল প্রাঙ্গণে। এখানে তিন দিন ধরে চলবে স্বাস্থ্য পরিষেবা প্রদান।আমাদের লক্ষ্য, সাধারণ মানুষ যাতে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা পান এবং প্রয়োজনে পান সঠিক চিকিৎসার পরামর্শ।”











Post Comment