insta logo
Loading ...
×

পুরুলিয়ায় জিভে জল আসা রকমারি কেক বড়দিনে, বাজার কাঁপাচ্ছে নলেন গুড় কেক থেকে লাভ বাইট কেক

পুরুলিয়ায় জিভে জল আসা রকমারি কেক বড়দিনে, বাজার কাঁপাচ্ছে নলেন গুড় কেক থেকে লাভ বাইট কেক

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

যীশুর জন্মদিনে কেক ছাড়া বড়দিন—তা ভাবাই যায় না। আর সেই উৎসবের রেশ এবার জমজমাট ভাবে ধরা পড়ল পুরুলিয়া শহরের কেকের বাজারে। বড়দিন মানেই যেখানে বছরের পর বছর ধরে প্লাম কেক ছিল অবিচ্ছেদ্য অংশ। সেখানে এবার ক্রেতাদের মন জয় করেছে নতুন স্বাদের কেক ‘লাভ বাইট’। সঙ্গে নলেন গুড় ও রিচি রিচ ফ্রুট কেকও।

পুরুলিয়া শহরের একটি নামকরা ব্র্যান্ডের তিনটি আউটলেটেই বড়দিন উপলক্ষে কেকের বিপুল সম্ভার চোখে পড়ছে। শুধুমাত্র নামেই নয়, স্বাদ ও দামের দিক থেকেও এই কেকগুলো সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হয়েছে। মাত্র ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে জনপ্রিয় ‘লাভ বাইট’ কেক, যা কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুণীদের মধ্যে কার্যত সুপারহিট হয়ে উঠেছে। একই সঙ্গে ২০০ টাকায় মিলছে নলেন গুড়ের কেক, যার মিষ্টি ঘ্রাণেই ক্রেতাদের জিভে জল চলে আসছে। এছাড়াও ১৬০ টাকায় ‘মেরি ক্রিসমাস কেক’, ৪৩০ টাকায় সেলিব্রেশন ফ্রুট কেক এবং একই দামে রিচি রিচ ফ্রুট কেকও দেদার বিক্রি হচ্ছে। কেক বিপনীর মালিক
মনীশ গুপ্তা বলেন,
“এবছর বড়দিনে ‘লাভ বাইট’-র চাহিদা সবচেয়ে বেশি। কম দাম, নতুন স্বাদ আর আকর্ষণীয় লুক—সব মিলিয়েই এই কেকটা মানুষজনের খুব পছন্দ হচ্ছে।” তবে নতুন ট্রেন্ডের ভিড়েও ঐতিহ্যবাহী প্লাম কেক তার জায়গা ধরে রেখেছে। বিক্রির নিরিখে ‘লাভ বাইট’-এর ঠিক পরেই রয়েছে প্লাম কেক। পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের
কেক দোকানের মালিক দিব্যা গোয়েল বলেন,
“প্লাম কেকের চাহিদা বরাবরের মতোই আছে।
ক্রিসমাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ঐতিহ্যবাহী কেক। “এই বিপণীতে কেবল কেক নয়, পেস্ট্রির সম্ভারও নজরকাড়া। তবে ওই ব্র্যান্ডের কেকের দোকানে পেস্ট্রির দাম শুরু হচ্ছে মাত্র ১৫ টাকা থেকে। ৮০ টাকার মধ্যেই মিলছে নানা স্বাদের পেস্ট্রি। এছাড়াও মার্বেল কেক, প্লেইন কেক, মিল্ক কেক, ভেজ কাজু নাট কেকের মতো বিভিন্ন ধরনের কেকও ক্রেতাদের আকর্ষণ করছে।
যদিও প্রান্তিক পুরুলিয়ার বাজারে কেকের দামে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ফ্রেশ হাফ পাউন্ড ফ্রেশ কেকের দাম প্রায় ২৪৯ টাকা। এক পাউন্ড কেকের দাম ২২২ টাকা থেকে শুরু করে ৪২৩ টাকা পর্যন্ত। দেড় পাউন্ড কেক কিনতে খরচ পড়ছে ৪৮৯ থেকে ৫১৬ টাকা।

আজ সময় বদলেছে, স্বাদের বৈচিত্র্য বেড়েছে। তবু উৎসব মানেই কেক—এই রেওয়াজ অটুট। আর বড়দিনে সেই মিষ্টি আনন্দের স্বাদ এবার পুরুলিয়ার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে কখনও ঐতিহ্যবাহী প্লাম কেক, আবার কখনও নতুন প্রজন্মের পছন্দ ‘লাভ বাইট’।

Post Comment