insta logo
Loading ...
×

বাঘমুণ্ডিতে বঞ্চনার হিসেব তুলে ধরলেন নেপাল, বিঁধলেন তৃণমূল – বিজেপিকে

বাঘমুণ্ডিতে বঞ্চনার হিসেব তুলে ধরলেন নেপাল, বিঁধলেন তৃণমূল – বিজেপিকে

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

যে এলাকা একসময় ছিলো তাদের দুর্ভেদ্য দুর্গ, সেই বাঘমুণ্ডির রাজনীতিতে দীর্ঘদিন পর কংগ্রেসকে জানান দিতে হলো নিজেদের অস্তিত্ব। বৃহস্পতিবার পাথরডি দুর্গামন্দির সংলগ্ন মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সরাসরি বাঘমুণ্ডির ‘বঞ্চনার হিসাব’ তুলে ধরলেন জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। তাঁর বক্তব্যে উঠে এল শিক্ষা, কর্মসংস্থান, আদিবাসী উন্নয়ন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রসঙ্গ।

সভামঞ্চ থেকে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন,
“বাঘমুণ্ডি আজ প্রশ্ন করছে, এই কি উন্নয়ন? স্কুলে শিক্ষক নেই, আদিবাসী হোস্টেল বন্ধ, বালির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকে কটাক্ষ করে তিনি বলেন, মানুষের সঙ্গে যোগাযোগ না থাকলে চার বছর পর টোল ফ্রি নম্বর চালু করলেই কি দায় সারা যায়?”
বাঘমুন্ডির একটি গার্লস স্কুল থেকে একসঙ্গে ১৩ জন শিক্ষিকার বদলি ও একাধিক আদিবাসী হোস্টেল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। নেপাল বাবুর কথায়, এর প্রভাব সরাসরি পড়ছে প্রান্তিক পরিবারগুলির ভবিষ্যতের ওপর।
কেন্দ্র ও রাজ্য—দু’পক্ষকেই নিশানা করে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “একশো দিনের কাজ বন্ধ রেখে, বনাধিকার আইন খর্ব করে আদিবাসীদের জীবন-জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। কেন্দ্রের মন্ত্রীদের এই প্রশ্নের জবাব দিতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি ঝাড়খণ্ড রাজ্যের কংগ্রেস নেতারাও। রাজনৈতিক মহলের মতে, এই উপস্থিতি কেবল প্রতিবাদ সভার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাঘমুণ্ডিকে ঘিরে কংগ্রেসের ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত দিচ্ছে।
এদিন সকাল থেকেই বাজার এলাকা পেরিয়ে মিছিল, বিকেলে মাঠভর্তি ভিড়—সব মিলিয়ে একই মাঠে এর আগে হওয়া বিজেপি ও তৃণমূলের সভার সঙ্গে তুলনা টানছে রাজনৈতিক শিবির। কংগ্রেসের দাবি, সংখ্যার লড়াইয়ে তারা পিছিয়ে নেই।

যদিও তৃণমূল ও বিজেপি—দু’পক্ষই নেপাল মাহাতোর অভিযোগ মানতে অস্বীকার করেছে। তৃণমূল বিধায়কের পাল্টা বক্তব্য, নেপাল বাবু দীর্ঘদিন বিধায়ক ছিলেন—তাঁর সময়ের কাজের হিসাবও মানুষের সামনে আসা উচিত।

তবে বালির দাম নিয়ন্ত্রণ ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখে ভোটের আগে বাঘমুণ্ডির রাজনীতিতে কংগ্রেস যে নতুন সুর তুলতে চাইছে, তা এদিনের সভা থেকেই স্পষ্ট।

Post Comment