শুভদীপ মাহাত, পুরুলিয়া:
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি প্রশাসনিক বৈঠকে বসেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম। প্রশাসন সূত্রে খবর, এবারের ভোট পরিচালনার জন্য সাধারণ প্রশাসনের প্রায় ১৫ হাজার আধিকারিক ও কর্মীর পাশাপাশি নিরাপত্তার কড়া দায়িত্বে থাকবেন ৫ হাজার পুলিশ কর্মী। বর্তমানে জেলায় মোট বুথের সংখ্যা ২৫২৯টি, যা গত লোকসভার তুলনায় প্রায় ৩০টি বেশি। কমিশনের নির্দেশিকা মেনে এই বুথগুলিতে র্যাম্প এবং ওয়েব কাস্টিংয়ের মতো পরিকাঠামো দ্রুত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রশাসনের সবচেয়ে বড় চিন্তার কারণ হলো অযোধ্যা পাহাড় সংলগ্ন অত্যন্ত ২৫টি দুর্গম বুথ। মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট না থাকায় এই ‘শ্যাডো জোন’-এ ওয়েব কাস্টিং কীভাবে সম্ভব, তা নিয়ে রবিবারের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। শ্যাডো জোনের তালিকা চূড়ান্ত করে খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে প্রশাসন।
নেটওয়ার্ক সমস্যার পাশাপাশি আরও এক বড় চ্যালেঞ্জ হলো বন্যপ্রাণীর গতিবিধি। বাঘমুন্ডি ব্লকের হাতির করিডর এবং বান্দোয়ানের কয়েকটি বুথ বন্যপ্রাণের করিডরে পড়ায়, সেখানে ভোটগ্রহণ কীভাবে সুরক্ষিত করা যায়, তা নিয়ে বনদপ্তরের পরামর্শ নিচ্ছে জেলা প্রশাসন। দুর্গম জিলিংসেরেঙ বুথটিকে অন্যত্র সরানো যায় কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি, ভোটকে কেন্দ্র করে ভিনরাজ্য থেকে বেআইনি নগদ টাকা ও মাদক ঢোকা রুখতে ঝাড়খণ্ড সীমান্তে কড়া নাকা চেকিং শুরু করেছে পুলিশ ও আবগারি দপ্তর।
অন্যদিকে এবারের নির্বাচনেও ভোটারদের আকর্ষণ করতে পুরুলিয়ার নিজস্ব লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রকে থিম করে জেলার নির্বাচনী ম্যাসকট তৈরি হচ্ছে। খুব শীঘ্রই এই ম্যাসকটে চূড়ান্ত সিলমোহর দেবে জেলা প্রশাসন।










Post Comment