insta logo
Loading ...
×

জল নষ্ট করলে… চরম হুঁশিয়ারি

জল নষ্ট করলে… চরম হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

যুদ্ধকালীন তৎপরতায় বৈঠক।মহকুমাশাসকের সঙ্গে বৈঠক পুরুলিয়া পুরপ্রধানের। বৈঠকে হাজির পুলিশও। আর হবে নাই বা কেন? পুরুলিয়া শহরের সামনে ভয়াবহ বিপদ। শিরে সংক্রান্তি। এক ধাক্কায় এই শেষ চৈত্রেই ১০ ফুট নেমে গিয়েছে কাঁসাই-এর জলস্তর! ফলে জল অপচয় করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিল পুরুলিয়া পুরসভা।

জলস্তর নেমে যাওয়ায় পুরুলিয়া পুরসভা ইনটেক ওয়েল ও গ্যালারি ইনফিলট্রেশন থেকে জল সরবরাহ করতে পারছে না। নদীর গর্ভে রয়েছে চারটি গভীর নলকূপ। সেখানে চার্জ করে জল তোলা হচ্ছে।

পানীয় জলের সমস্যায় আইনশৃঙ্খলার বিঘ্ন ঠেকাতে ঘটে শুক্রবার পুরুলিয়া (সদর) মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ পুরুলিয়া পুরসভাকে নিয়ে বৈঠক করেন। পুরুলিয়ার
পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ” পুরুলিয়া শহরের পানীয় জলের উৎস প্রায় ১০ ফুট নিচে নেমে গিয়েছে। একেবারেই শুষ্ক হয়ে গিয়েছে নদীগর্ভ। তাই নদীর ভেতর থাকা গভীর নলকূপে চার্জ করে আমরা জল উত্তোলন করছি। সেজন্য শহরের মানুষের কাছে আমরা আবেদন রেখেছি কোথাও যাতে জল অপচয় না করা হয়। জল অপচয়ে কেউ জড়িত থাকলে আমরা কড়া পদক্ষেপ নেব।”

পানীয় জলের সংকট মোকাবিলা করতে আপাতত পুরুলিয়া পুরসভা একবেলা জল সরবরাহ করবে। সকালে না হয় বিকালে। যেমন জল তুলতে পারা যাবে তেমনভাবে জল সরবরাহ করা হবে।

শহরে যাতে গৃহস্থালীর কাজে ব্যবহৃত জলের কোন সমস্যা না হয়, তাই পুর এলাকায় যে সকল নলকূপ খারাপ হয়ে পড়ে আছে সেগুলো মেরামত শুরু করেছে পুর কর্তৃপক্ষ। শহরের পুকুরগুলি সংস্কারেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে । জল নিয়ে কোথাও আইন শৃঙ্খলার কোনো অবনতি হলে পুলিশ ও পুরসভা পারস্পরিক সমন্বয়ে সমাধান করবে।কোনভাবেই যাতে পাইপ ফাটিয়ে জল না নেওয়া হয়, চলবে নজরদারি।

Post Comment