নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
পুরুলিয়া শহরের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। বুধবার বিকেলে পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কর্পূরবাগান এলাকার ঘটনা। আধ ঘন্টার বেশি সময় ধরে জ্বলছে দাউদাউ আগুন । ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। এদিন বিকেলে হঠাৎ করে বিকট শব্দে ওই দোতলা বাড়িটির ছাদ উড়ে যায় । সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ভয়াবহভাবে। বহু দূর থেকে কালো ধোঁয়া আর আগুন দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা আহত ব্যক্তিকে উদ্ধার করেন। কীভাবে বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী রবি সাউ বলেন, ওই বাড়িতে সম্ভবত বাজি কারখানা ছিলো। সেখান থেকেই এই বিস্ফোরণ। আরেক প্রত্যক্ষদর্শী আনন্দ মহেশ্বরী বলেন, ” এক সাংবাদিক বন্ধুর সঙ্গে যাচ্ছিলাম। রাস্তায় বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে আসি। এক মহিলা কাঁদছিলেন। তিনি জানান, ভেতরে তাঁর লোক আছে। আমরা তাকে উদ্ধার করে আনি।”











Post Comment