নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতিকে আরও মজবুত করতে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সিভিল ও পুলিশ সেক্টর অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। দেওয়া হয় গুরুত্বপূর্ণ নির্দেশ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ব্লক লেভেল আধিকারিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই সিভিল সেক্টর অফিসার, পুলিশ সেক্টর অফিসার এবং সংশ্লিষ্ট নির্বাচন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের একসঙ্গে প্রশিক্ষণ দেওয়ার এই উদ্যোগ। জেলার মোট নয়টি বিধানসভা কেন্দ্রে পৃথক পৃথক স্থানে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ক্ষেত্রেই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন।
২৪২ পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে পুরুলিয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সুধীর কোন্থাম , জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি এবং পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল ঘোষ ।
২৩৮ বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে মানবাজার২ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে অতিরিক্ত জেলাশাসক সুদীপ পাল এর উপস্থিতিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২৪৯ বলরামপুর বিধানসভা কেন্দ্রে বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে নির্বাচনী আধিকারিক পার্থ চক্রবর্তী উপস্থিত থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশিক্ষণ দেন।
২৪০ বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রে বাঘমুণ্ডি ও ঝালদা১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে ঝালদা মহকুমা শাসক ড. মানস পান্ডার
উপস্থিতিতে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
২৪১ জয়পুর বিধানসভা কেন্দ্রে জয়পুর ও ঝালদা২ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে নির্বাচনী আধিকারিক কল্লোল বিশ্বাস উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন।
২৪৩ মানবাজার বিধানসভা কেন্দ্রে মানবাজার১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত জেলাশাসক সুদীপ পাল এবং মানবাজারের মহকুমা শাসক মঞ্জুর হোসেন-এর উপস্থিতিতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও ২৪৪ কাশিপুর, ২৪৫ পাড়া এবং ২৪৬ রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের যৌথ প্রশিক্ষণ রঘুনাথপুর মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সুধীর কোন্থাম এবং অতিরিক্ত জেলাশাসক যোগেশ পাটিল।
প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী সিভিল ও পুলিশ সেক্টর অফিসারদের ভোটগ্রহণের আগে ও পরে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব, আইনশৃঙ্খলা বজায় রাখা, সংবেদনশীল বুথে নজরদারি বৃদ্ধি এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা যথাযথভাবে পালন করার বিষয়ে বিশেষভাবে অবহিত করা হয়। পাশাপাশি বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও মিলিতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।











Post Comment