insta logo
Loading ...
×

কীভাবে রুখা মাটিতে আঙুর চাষ? পুরুলিয়ার কৃষকদের বাঁকুড়া ঘোরালো কৃষি দফতর

কীভাবে রুখা মাটিতে আঙুর চাষ? পুরুলিয়ার কৃষকদের বাঁকুড়া ঘোরালো কৃষি দফতর

দেবীলাল মাহাত, আড়শা:

লাল মাটির জেলা বাঁকুড়ার রুক্ষ মাটিতে ফলছে কমলালেবু থেকে আঙুর, রসুন থেকে বাহারি ফুল। বিভিন্ন আনাজ সহ উন্নত প্রজাতির ধান চাষ। কিন্তু কী ভাবে ? জেলার কৃষকদের সেই সাফল্যের শরিক করে তুলতে উদ্যোগী হল জেলা কৃষি দপ্তর। মঙ্গলবার আড়শা ব্লক কৃষি দফতরের উদ্যোগে ব্লকের ৫০ জন আগ্রহী কৃষককে বিশেষ প্রশিক্ষণ দিতে নিয়ে যাওয়া হল বাঁকুড়ার তালডাংরা কৃষি উদ্যান পালন উন্নয়ন ও গবেষণা কেন্দ্রে। আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন, “সেখানে গিয়ে তারা কৃষি আধিকারিকদের সঙ্গে নানা ফল, ফুল ও সবজি চাষের উন্নত চাষ পদ্ধতি সরেজমিনে ঘুরে দেখেন। পরে তাদের চাষের খুঁটিনাটি বোঝাতে প্রশিক্ষণ দেন সেখানকার আধিকারিকরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কমলালেবু ,মুসাম্বি থেকে মাশরুম চাষের পদ্ধতি এবং নার্সারি দেখার সুযোগ করে দিতেই এই উদ্যোগ বলে তিনি জানান। পরিদর্শন শেষে চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে শংসাপত্র। পর্যায়ক্রমে ব্লকের আগ্রহী বাকি কৃষকদেরও সরেজমিনে ঘুরে দেখানোর ব্যবস্থা করা হবে। “

কৃষকদের সাথে ছিলেন আড়শা ব্লক প্রযুক্তি প্রবন্ধক আধিকারিক দীপক কুমার মাহাত,সহ প্রযুক্তি ব্যবস্থাপক আধিকারিক বিশ্বজিৎ ব্যানার্জী,কৃষি সম্প্রসারণ আধিকারিক মানিক রজক প্রমুখ। ভ্রমণের শেষে খুশি কৃষকরাও। বামুনডিহা গ্রামের কৃষক কৃষ্ণ পদ মাহাত, আশুতোষ যোগী বলেন, “এতদিন ধরে আমরা গতানুগতিক আনাজ চাষের পদ্ধতিতে অভ্যস্ত ছিলাম। তাতে খরচ বেশি হতো। এখানে এসে নতুন নতুন উন্নত চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এবার থেকে সেই পদ্ধতি কাজে লাগাবো।”

প্রসঙ্গত বাঁকুড়ার তালডাংরাতে গড়ে তোলা হয়েছে কৃষি উদ্যান পালন উন্নয়ন ও গবেষণা কেন্দ্র। সেখানে ফুল,ফল সহ বিভিন্ন আনাজ চাষ হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ বিষয়ে উৎসাহ বাড়াতে জোর দেওয়া হয়।

Post Comment