নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মানবাজার থানার অন্তর্গত মকরকেন্দি গ্রামে। ইটবোঝাই একটি ট্র্যাক্টর উল্টে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গ্রামের রাস্তা দিয়ে একটি ট্র্যাক্টরে করে ইট বহন করা হচ্ছিল। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি উল্টে যায়।ট্র্যাক্টরে থাকা কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। ফলে ট্রাক্টরের উপরে থাকা এক মহিলা শ্রমিক ট্রাক্টর সমেত চাপা পড়ে যায় । হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে অঞ্জলি শবর (২৫) নামে এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। অঞ্জলির স্বামী সন্তোষ শবর। তার শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডের বড়াম থানার ডাংডুং গ্রামে। তবে তার পিতৃগৃহ ছিল মকরকেন্দি গ্রামেই।
দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন বিজলি শবর, সুমনা শবর এবং সজনি শবর। এরা সকলেই মানবাজার থানার মকরকেন্দি গ্রামের বাসিন্দা। হাসপাতালের চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মহতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছেন।
খবর পেয়ে মানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাক্টরটি আটক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।











Post Comment