insta logo
Loading ...
×

লড়াই নয়, কাড়ার শিং সুপারহিট খাদি মেলায়

লড়াই নয়, কাড়ার শিং সুপারহিট খাদি মেলায়

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

লড়াইয়ের ময়দানে শুধু নয়, কাড়া এবার মাতাচ্ছে খাদি মেলাকে। বলা ভালো কাড়ার শিং সুপারহিট পুরুলিয়ার খাদি মেলায়।

তাঁত শিল্পীদের বিকল্প রোজগারের রাস্তা খুলে দিতে প্রথমবার পুরুলিয়া জেলায় আয়োজিত হয়েছে খাদি মেলা। ২৭-শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা। চলবে আগামী ৭-ই জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের মোট ৭০ টি স্টল রয়েছে এই মেলায়। তবে শুধুমাত্র খাদির জিনিসই নয় এই মেলায় রয়েছে নানান হাতের কাজের সম্ভার। তার মধ্যে নজর কেড়েছে মোষের শিং দিয়ে তৈরি একটি হস্তশিল্পের স্টল। সেই স্টলে শিল্পীরা নিজেদের নিপুণ হস্তকলায় বিভিন্ন সামগ্রী তৈরি করেছেন। মহিষের শিং দিয়ে তৈরি করা হয়েছে এই জিনিসগুলি। শিল্পীদের কারুকার্যের নৈপুণ্যতা এই স্টলকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। স্বভাবতই ভিড় টানছে কাড়ার শিং।

এই স্টলের শিল্পীরা এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। ৩৫ বছর ধরে কাড়ার শিং দিয়ে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর পাশাপাশি বাসন , চুলের ক্লিপ, বাঁশি ও নানান সামগ্রী তৈরি করছেন তারা। যথেষ্টই চাহিদা রয়েছে। তবে আগের তুলনায় দাম বেড়ে যাওয়ার কারণে এরই পাশাপাশি তারা কাঠের তৈরি ও নানান সামগ্রীও তৈরি করছেন। শিল্পী রাধা গোবিন্দ মাইতি বলেন, “শুধুমাত্র মেলার জন্য নয়, বিভিন্ন সময় অর্ডার অনুযায়ী আমরা নানান জিনিস তৈরি করে থাকি।

শিল্পীদের নৈপুণ্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। মেলায় আগত মাহুদা পারভেজ বলেন, “বিভিন্ন স্টল এই মেলায় থাকলেও মোষের শিং দিয়ে তৈরি জিনিসপত্রগুলি নজর কাড়ছে। শুধুমাত্র এই দোকানেই একেবারে ভিন্ন রকমের হাতের কাজ দেখতে পাওয়া যাচ্ছে। শিল্পীদের সূক্ষ্ম হাতের কাজ সত্যিই প্রশংসনীয়।

এই প্রথমবার পুরুলিয়া জেলাতে সরকারিভাবে খাদি মেলার আয়োজন হয়েছে। হস্তশিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এতে উপকৃত হচ্ছেন বহু শিল্পী।

Post Comment