নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
রাজ্যের অন্যান্য পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি রবিবার পুরুলিয়া জেলার ঝালদা এ এম কলেজ পরীক্ষাকেন্দ্রেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা। সকাল থেকে পরীক্ষাকেন্দ্র চত্বর জুড়ে ছিল প্রশাসনের কড়া নজরদারি এবং সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা।
এদিন এই কেন্দ্রে মোট ৪৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আগেই নেওয়া হয়েছিল একাধিক প্রস্তুতি। পরীক্ষার্থীদের নির্দিষ্ট নির্দেশিকা মেনে তল্লাশি ও যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়। পাশাপাশি কেন্দ্রের ভেতর ও বাইরে পুলিশ এবং প্রশাসনের কর্মীরা সতর্ক দৃষ্টি রেখে পুরো প্রক্রিয়া পরিচালনা করেন।
পরীক্ষা শুরুর আগে থেকেই ঝালদা এ এম কলেজের বাইরে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই দূরদূরান্ত থেকে এসে এই পরীক্ষায় অংশ নেন। চাকরির আশায় দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া বহু তরুণতরুণীর কাছে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পরীক্ষার্থীদের মধ্যে ছিলেন দিলীপ রোহিদাস। তিনি এমকম পাশ করার পাশাপাশি বর্তমানে ব্যাংকিং বিষয়ে পিএইচডি করছেন। তবুও স্থায়ী চাকরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও আজকের দিনে একটি স্থায়ী কর্মসংস্থান পাওয়া খুবই জরুরি। সেই কারণেই তিনি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন”।
একই সঙ্গে তিনি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের কথাও উল্লেখ করেন। তার মতে, “এই ধরনের আর্থিক সহায়তা অনেক বেকার ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেয় এবং আর্থিক চাপ কমাতে সাহায্য করে”।
সব মিলিয়ে এদিন ঝালদা এ এম কলেজ পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ডি-গ্রুপের পরীক্ষা সম্পন্ন হয়। প্রশাসনের কড়া নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও কর্তৃপক্ষ উভয়ই।











Post Comment