নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
আবারও শীতের কামড়ে চমক পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। দীর্ঘ শীতের রাতে পড়া শিশিরই ভোরের দিকে জমে তৈরি হল ‘বরফ’। অযোধ্যা হিলটপের সীতাকুণ্ড এলাকায় শুক্রবার একেবারে সাতসকালে একটি বেসরকারি পর্যটন প্রকল্পের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর তুষার জমতে দেখা যায়। সেই দৃশ্য মোবাইলে বন্দি করেন ওই পর্যটন প্রকল্পের এক কর্মী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর তা ঘিরেই শুরু হয় নতুন করে আলোচনা।
পশ্চিমাঞ্চল পুরুলিয়ায় ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রবল শীতের সতর্কতা আগেই জারি ছিল। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, ১৫জানুয়ারি জেলায় বৃষ্টিপাত ছিল শূন্য। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াসে, আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে।
সমুদ্রতল থেকে প্রায় ২২০০ ফুট উঁচুতে অবস্থিত অযোধ্যা পাহাড়ে সাধারণত জেলার তুলনায় এক থেকে দু’ডিগ্রি কম তাপমাত্রা থাকে। তার উপর হিলটপের সীতাকুণ্ড এলাকায় প্রায়শই জেলার সর্বনিম্ন তাপমাত্রার থেকেও দু’-তিন ডিগ্রি কমে যায় পারদ। ফলে শীতকালে তো বটেই, গ্রীষ্মকালেও এই বিস্তীর্ণ এলাকা বেশ মনোরম থাকে।
পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক জানিয়েছেন, “সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রির উপরে থাকলেও পাঁচ ডিগ্রির নিচে নামলে তুষার জমতে পারে। একে বলা হয় ‘গ্রাউন্ড ফ্রস্ট’ বা ‘ভূমি তুহিন’। এটা শুধু পুরুলিয়ায় নয়, যেকোনো জায়গাতেই হতে পারে। তবে এর জন্য আবহাওয়ার কয়েকটি শর্ত একসঙ্গে পূরণ হতে হয়। যেমন বাতাস একেবারে স্থির থাকতে হবে, আকাশ মেঘমুক্ত হতে হবে এবং দূষণ কম থাকতে হবে।”
তিনি আরও জানান, “গত কয়েক দিন ধরে পুরুলিয়ার আবহাওয়া ঠিক এই রকমই রয়েছে। অযোধ্যা পাহাড়ে তাপমাত্রা আরও কিছুটা কম থাকায় সেখানে স্বাভাবিকভাবেই তুষার জমছে।”
শীতের এই অনন্য দৃশ্য দেখতে ইতিমধ্যেই পর্যটকদের নজর ফের অযোধ্যা পাহাড়ের দিকে।



Post Comment