insta logo
Loading ...
×

চূড়ান্ত বেনিয়ম! শোকজ পুরপ্রধানকে, ঝালদায় পুর বোর্ড ভেঙে দিচ্ছে রাজ্য?

চূড়ান্ত বেনিয়ম! শোকজ পুরপ্রধানকে, ঝালদায় পুর বোর্ড ভেঙে দিচ্ছে রাজ্য?

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

চলছে চূড়ান্ত বেনিয়ম! আর বিরোধীদের নয়, এবার তৃণমূল পরিচালিত ঝালদা পুরবোর্ডের বিরুদ্ধে এমন অভিযোগ খোদ রাজ্য সরকারের। ঝালদা পুরসভা ঘিরে জট আরও গাঢ় হলো। ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়ালকে ছ’টি নির্দিষ্ট বিষয়ে শো-কজ নোটিস পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। চিঠির ভাষা পুরুলিয়ার ঘটনার ধাঁচেই—‘কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না?’—এই প্রশ্নেই আপাতত অস্বস্তিতে ঝালদা পুরসভা। পুর মহলে জোর গুঞ্জন, বোর্ড ভাঙার দিকেই কি এগোচ্ছে রাজ্য?

দফতরের অভিযোগের তালিকায় রয়েছে—
১) স্বজনপোষণ,
২) টিউবওয়েল খননে বেনিয়ম,
৩) রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার,
৪) পানীয় জল সরবরাহে ব্যর্থতা,
৫) সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে গাফিলতি,
৬) অনলাইনে মিউটেশন ব্যবস্থা চালু না করা।

এই ছ’টি বিষয়ে ‘চূড়ান্ত উদাসীনতা’র অভিযোগ তুলে শো-কজ করা হয়েছে পুরপ্রধানকে। বোর্ড অফ কাউন্সিলরের সব সদস্যকে চিঠি বিলি করে বৈঠক ডেকে সাত দিনের মধ্যে জবাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরপ্রধান সুরেশ আগরওয়াল জানান, শনিবার চিঠি পেয়েছেন। “ছ’টি ক্ষেত্রেই কাজের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে,” বলেন তিনি।

ঝালদার রাজনৈতিক পটভূমিও কম নাটকীয় নয়। ২০২২ সালের ফেব্রুয়ারির পুরভোটে ১২ আসনের পুরসভায় কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি—তৃণমূল ও কংগ্রেস সমান পাঁচটি করে আসন, দু’টি যায় নির্দলের দখলে। নির্ণায়ক ভূমিকায় ছিলেন নির্দল সোমনাথ কর্মকার ও শীলা চট্টোপাধ্যায়।

এর মধ্যেই ১৩ মার্চ ঝালদার উপকণ্ঠে গুলিবিদ্ধ হন কংগ্রেস কাউন্সিলর তপন কাঁদু। ঘটনাটি শুধু ঝালদা বা পুরুলিয়াতেই নয়, আলোড়ন তোলে সারা রাজ্যে। লোকসভায়ও ওঠে প্রসঙ্গ। সিবিআই তদন্তের দাবিতে আদালতে যান প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। আদালতের নির্দেশে শুরু হয় তদন্ত। ঝালদা থানায় অগ্নিকাণ্ড, এক গুরুত্বপূর্ণ সাক্ষীর অপমৃত্যু—ঘটনার পর ঘটনা। উপনির্বাচনে জেতেন প্রয়াত কাউন্সিলরের ভাইপো মিঠুন কাঁদু।

পরবর্তী সময়ে কংগ্রেসের অনাস্থায় অপসারিত হন তৃণমূলের পুরপ্রধান সুরেশ আগরওয়াল। কুর্সিতে বসেন শীলা চট্টোপাধ্যায়। কিছু দিন পর শীলাকে তৃণমূলে এনে ফের বোর্ড দখল করে শাসক দল। ২০২৪ সালে আবার পালাবদল—আস্থা হারিয়ে সরতে হয় শীলাকে, ফের পুরপ্রধান হন সুরেশ আগরওয়াল।

এ বার সেই আগরওয়ালকেই শো-কজ করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ঝালদার পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে তাই প্রশ্নচিহ্ন আরও স্পষ্ট।

Post Comment