নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি :
বিধানসভা ভোটের আগে শক্তিবৃদ্ধি কংগ্রেসের। বৃহস্পতিবার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের সাহারজুড়ি দু’নম্বর বুথ এলাকার বাসিন্দা অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লক সদস্য উপেনচন্দ্র সোরেন সহ ৫৬ টি পরিবারের ৪৫০ জন ভোটার কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। এই যোগদান পর্ব হয় অযোধ্যা পাহাড়ের কানহা গ্রামের খেড়ঘুটু গ্রামে। পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক গত পাঁচ বছরে কোন কাজ করেননি। তাই এই বিধানসভার মানুষজন আবার কংগ্রেসকে চাইছেন।” এদিন উপেনচন্দ্র সোরেন বলেন, “এলাকায় আপদে বিপদে নেপাল মাহাতোকে কাছে পাই। তাই আমরা কংগ্রেসে যোগদান করলাম।” ফরওয়ার্ড ব্লকের পাশাপাশি তৃণমূলের কর্মী- সমর্থকরাও কংগ্রেসে যোগ দেন। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের মুখ পুড়েছে।











Post Comment