insta logo
Loading ...
×

একাধিক দাবিতে জয়পুরে সভা ও মিছিল ফরওয়ার্ড ব্লকের

একাধিক দাবিতে জয়পুরে সভা ও মিছিল ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

একাধিক দাবি-দাওয়া তুলে জয়পুরে সভা ও মিছিল করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। শনিবার জয়পুর আপ্যায়ন ভবনে ঝালদা–২ ও জয়পুর ব্লকের কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে জয়পুর বাজারে মিছিল বের হয়। মিছিল থেকে ১০০ দিনের কাজ বন্ধ রাখার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি জেলার ছেলে- মেয়েদের কাজের জন্য ভিন রাজ্য যাওয়ার কারণে তৃণমূল ও বিজেপির কাছে জবাবদিহি চাওয়া হয়।
সভা থেকে ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক
নরেন চট্টোপাধ্যায় বলেন, “দুয়ারে সরকার প্রকল্পের নামে লুঠ চলছে। ধর্মকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে।” তিনি জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দ্রুত স্কুলের শূন্যপদে নিয়োগ, গ্রাম ও শহরে কাজের ব্যবস্থা, প্রতিটি অঞ্চলে সরকারি ক্যাম্প করে চাষিদের কাছ থেকে ধান কেনা এবং ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৩,০০০ টাকা করার দাবি তোলেন। দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা বলেন, “হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ করতে হবে। ঝালদায় মহকুমা হাসপাতালের অনুমোদন দিতে হবে। পুরুলিয়া সদর হাসপাতাল স্থানান্তর করা চলবে না।” তিনি বলেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখাই সরকারের দায়িত্ব।
এদিন বালির কালোবাজারি বন্ধে সরকারি দাম নির্ধারণ, বিদ্যুতের দাম কমানো এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি আদিবাসীদের জমি হস্তান্তর বন্ধ, বন্ধ থাকা জনজাতিদের ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিও তোলা হয়।
ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম সিনহা, পুরুলিয়া জেলা সম্পাদক মিহির মাঝি, প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো-সহ দলের অন্যান্য নেতৃত্ব।

Post Comment