নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
১৯৭১ সালের ভারতীয় সেনার বীরত্বে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। সেই গৌরবোজ্জ্বল বিজয় দিবসকে স্মরণ করে এবং দেশের জন্য আত্মবলিদান দেওয়া শহীদ ও বীর জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এক অনন্য সমাজসেবামূলক উদ্যোগ নিলেন প্রাক্তন সেনাকর্মীরা।
বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও পুরুলিয়া এক্স আর্মির উদ্যোগে মঙ্গলবার পুরুলিয়ার জে.কে. কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। দেশপ্রেম ও মানবসেবার বার্তা নিয়ে এই কর্মসূচি ঘিরে দিনভর উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সংগীতের মাধ্যমে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সেনাদের উদ্দেশে এই রক্তদান শিবির উৎসর্গ করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। তাদের বক্তব্য, বিজয় দিবস শুধুই স্মরণের দিন নয়—এই দিন দেশ ও সমাজের জন্য কিছু করারও দিন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে যেভাবে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে, তা পূরণ করতেই এই উদ্যোগ। পাশাপাশি সাধারণ মানুষকে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং যুব সমাজকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন এক্সআর্মি অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ বিশিষ্ট অতিথিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নির্বানন্দ মহারাজ, জে.কে. কলেজের অধ্যক্ষ ও এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের দাবি, এদিনের শিবিরে
৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিজয় দিবসের মতো ঐতিহাসিক দিনে প্রাক্তন সেনাকর্মীদের এই মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। তাদের মতে, এই ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।











Post Comment