insta logo
Loading ...
×

প্রাক্তন সেনাকর্মীদের বিজেপিতে যোগদান, ঝালদার রাজনীতিতে জোর জল্পনা

প্রাক্তন সেনাকর্মীদের বিজেপিতে যোগদান, ঝালদার রাজনীতিতে জোর জল্পনা

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিল কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্মীর রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত। সোমবার ঝালদার দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনজন প্রাক্তন নিরাপত্তা ও সেনা বিভাগের সদস্য বিজেপিতে যোগদান করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় প্রাক্তন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার প্রবণতা স্থানীয় রাজনীতির নতুন দিক নির্দেশ করছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সংগঠিত রাজনৈতিক দলে যোগদান সাধারণ মানুষের মধ্যে শৃঙ্খলা, প্রশাসনিক অভিজ্ঞতা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ভাবনার প্রসঙ্গকে সামনে এনে দেয়। ঝালদা অঞ্চলে এই যোগদানকে ঘিরে তাই বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রাক্তন সেনাদের সামাজিক ভূমিকা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফলে তাদের রাজনৈতিক সক্রিয়তা ভবিষ্যতে স্থানীয় সংগঠন ও প্রচারে কী প্রভাব ফেলবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঝালদা এক নম্বর ব্লকের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত সিআইএসএফ সচ্চিদানন্দ মাহাত এবং আসাম রাইফেলস এর প্রাক্তন সুবেদার ভগবান দাস, পাশাপাশি ঝালদা নিবাসী ধরমবীর কান্দু—এই তিনজন জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতোর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি মণ্ডল এক এর সভাপতি সঞ্জয় সিং দেও এবং ঝালদা শহর মণ্ডল সভাপতি মৌসুমী বন্দ্যোপাধ্যায়।

যোগদানকারী প্রাক্তন সেনাকর্মীদের বক্তব্য, দীর্ঘদিন দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করার পর অবসর জীবনে সমাজ ও দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, দেশের স্বার্থে কাজ করার লক্ষ্য নিয়েই তাঁরা রাজনৈতিক মঞ্চে সক্রিয় হতে চান।

এ বিষয়ে জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন, “রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং দেশসেবার আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা বিজেপিতে যোগ দিয়েছেন”। তার দাবি, এই যোগদান দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি আনবে।

Post Comment