insta logo
Loading ...
×

অযোধ্যা পাহাড়ে বেআইনি দখলদারিতে পদক্ষেপ, ভেঙে দিল বনদপ্তর

অযোধ্যা পাহাড়ে বেআইনি দখলদারিতে পদক্ষেপ, ভেঙে দিল বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা :

পাহাড়: বনভূমি পুনরুদ্ধারে কড়া অবস্থানে বনদফতর।
রবিবার অযোধ্যা পাহাড় সংলগ্ন নোটিফায়েড অরণ্য এলাকায় সম্প্রতি বেআইনি দখলদারির অভিযোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুরুলিয়া বনবিভাগ। প্রায় ৪ ডেসিমেল বনভূমি দখল করে নির্মিত দুটি পাকা বাড়ি ও একটি কাঁচা বসবাসযোগ্য কাঠামো রবিবার গুঁড়িয়ে দেন অযোধ্যা রেঞ্জের কর্তারা।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় ধাপে ধাপে বাড়ছিল দখলদারি। বনবিভাগের পক্ষ থেকে দখলদারদের উদ্দেশে একাধিক সতর্কীকরণ ও উচ্ছেদ সূচনার নোটিশ পাঠানো হলেও বারবারই তা উপেক্ষিত হয়। অবশেষে জনস্বার্থ ও অরণ্য সংরক্ষণ আইনকে অগ্রাধিকার দিয়ে কঠোর পদক্ষেপে নামে
বনদফতর।

অভিযান পরিচালনায় অযোধ্যা রেঞ্জের পাশাপাশি বলরামপুর, মাঠা, বাঘমুন্ডি এবং ঝালদা চারটি রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অংশ নেন। টিমের উপস্থিতিতে নিষিদ্ধ অরণ্যভূমিতে গড়ে ওঠা সব নির্মাণই পুঙ্খানুপুঙ্খভাবে ভেঙে ফেলে পুনরুদ্ধার করা হয় জমি।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, যারা বারবার সতর্কীকরণ নোটিশ অমান্য করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনাধীন।

Post Comment