insta logo
Loading ...
×

তৃণমূলের পর বিজেপি প্রার্থী নিয়েও পুরুলিয়া জুড়ে অসন্তোষ, জয়পুরে বিক্ষোভ

তৃণমূলের পর বিজেপি প্রার্থী নিয়েও পুরুলিয়া জুড়ে অসন্তোষ, জয়পুরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:

তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর অসন্তোষের আঁচ থামার আগেই এ বার বিজেপির প্রার্থী নিয়েও জেলায় ক্ষোভ তুঙ্গে। বিশেষ করে জয়পুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতোকে ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

অভিযোগ, বিশ্বজিতের বাবা আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতো কয়েক বছর আগে দেবী দুর্গা সম্পর্কে কটূক্তি করেছিলেন। সেই পুরনো ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ফের ভাইরাল হতেই ক্ষোভ ছড়ায় বিভিন্ন মহলে। বিজেপি প্রার্থীকে ‘হিন্দু-বিরোধী’ তকমা দিয়ে শুক্রবার জয়পুরে বিক্ষোভ দেখায় হিন্দু সেবাদল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, জয়পুরে বিজেপির বিধানসভা কার্যালয়ের সামনে প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

ক্ষোভের রেশ গিয়ে পড়েছে সংগঠনের অন্দরে। ঝালদা ২ নম্বর ব্লকের কোটশিলা এলাকায় বিজেপির দলীয় কার্যালয় তালাবন্ধ হয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে।

যদিও বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ প্রার্থী নিজে। বিশ্বজিৎ মাহাতোর বক্তব্য, ‘‘আমরা জয়পুর আসন জিতে গিয়েছি। বিকৃত ভিডিও নিয়ে কিছু বলব না।’’

অন্য দিকে, বাঘমুন্ডি কেন্দ্রেও অস্বস্তি পিছু ছাড়ছে না বিজেপির। সেখানকার প্রার্থী রহিদাস মাহাতোকে ঘিরে দলের অন্দরে কোন্দল প্রকাশ্যে এসেছে। জেলা সভাপতি শঙ্কর মাহাতোকে উদ্দেশ করে সমাজমাধ্যমে লেখা এক পোস্টে ‘গুরুসম’ শব্দের বদলে ‘গরুসম’ লিখে ফেলায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সেই পোস্ট ভাইরাল হতেই বিরোধীরা কটাক্ষে সরব। দলের অন্দর থেকেও প্রশ্ন উঠেছে, এমন নেতার উপর কতটা ভরসা রাখা যায়।

রাজনৈতিক মহলের মতে, যে হিন্দু ভোটব্যাঙ্ককে সামনে রেখে বিজেপি জয়ের স্বপ্ন দেখছে, সেই ভোটারদের একাংশের মধ্যেই যদি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, তা হলে নির্বাচনী অঙ্কে তার প্রভাব পড়তেই পারে।

তবে প্রকাশ্যে কোনও বিভেদের কথা মানতে নারাজ দলীয় নেতৃত্ব। জেলার দলীয় কার্যালয়ে নয়টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের পরিচয় পর্বে শুক্রবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি, ‘‘কোথাও কোনও বিরোধ নেই। আগের ভুল শুধরে এ বার আমরা সবক’টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী।’’

Post Comment