নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের হয়ে পুরুলিয়ায় দু’দিনে তিনটি নির্বাচনী জনসভা করার পর ফিরে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর হয়ে প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি বিধানসভার ঝালদা ১ নং ব্লকের ইচাগ-কেন্দুয়াডি ১০৮ কুঞ্জ ময়দানে নির্বাচনী জনসভা করবেন তিনি। এই সভাকে ঘিরে বাঘমুন্ডি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি চূড়ান্ত।
বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো বলেন, ” আগামীকাল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করতে আসছেন । চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শেষ। তিনি কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ সহ কর্মী সমর্থকরা ।”
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই সভার ঠিক চারদিন পর ৩ এপ্রিল জয়পুর বিধানসভার ঝালদা ২ নম্বর ব্লকের কোটশিলা টালি সেন্টারে জয়পুর বিধানসভার দলীয় প্রার্থী অর্জুন মাহাতোর সমর্থনে তিনি প্রচার করতে আসবেন। তাঁরও প্রস্তুতি শুরু করেছে জয়পুর বিধানসভা তৃণমূল কংগ্রেস।
জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে ঝালদা, বাঘমুন্ডি সড়কপথ ও সভাস্থলের চারপাশ দলীয় পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কার্ট আউট হোর্ডিং সহ ব্যানার টাঙানো হয়েছে।









Post Comment