নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
পুরুলিয়া জেলার রঘুনাথপুরের গোবরান্দা এলাকায় এক কারখানার শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত দীর্ঘদিনের অস্বচ্ছতা ঘিরে উত্তেজনা ছড়াল শিল্পাঞ্চলে। সোমবার রাতে একটি প্লাস্টিক প্রস্তুতকারী কারখানার ডাইরেক্টর অঞ্জন মজুমদারের আবাসনে অনধিকার প্রবেশ ও হুমকির অভিযোগ উঠেছে ওই কারখানারই আটজন কর্মচারীর বিরুদ্ধে।
অভিযোগ, প্রভিডেন্ট ফান্ডের বকেয়া নিয়ে কথা বলার নামে ওই আট কর্মচারী বিনা অনুমতিতে মালিকের বেড রুমে ঢুকে পড়েন। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তর্কবিতর্কের মাঝেই মালিককে হুমকি দেন।
অন্যদিকে, অভিযুক্ত কর্মচারীদের একাংশ পাল্টা অভিযোগ করে জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা আমরা পাচ্ছি না। শুধু কারণ জানতে চেয়েছিলাম। অথচ উল্টে আমাদেরই বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে।”
ঘটনার পর রঘুনাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কারখানার ডাইরেক্টর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে তৈরি হয়েছে নতুন বিতর্ক, কর্মচারীদের বকেয়া পাওনা না মেটানো, নাকি মালিককে চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা? উভয় পক্ষের অভিযোগ-পালটা অভিযোগে নতুন করে প্রশ্ন উঠছে কারখানার শ্রমিক-মালিক সম্পর্ক এবং প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে।











Post Comment