insta logo
Loading ...
×

মোরগ লড়াইয়ের বিশ্বকাপ, হুড়ায় সামিল চার রাজ্যের রসিকরা

মোরগ লড়াইয়ের বিশ্বকাপ, হুড়ায় সামিল চার রাজ্যের রসিকরা

নিজস্ব প্রতিনিধি,হুড়া:

রাঢ় বঙ্গের সাবেক বিনোদন মোরগ লড়াই। আর সেই লড়াইয়ের আসর বসল হুড়া থানার জোড়গোড়ায় । সে এক হৈ হৈ ব্যাপার রৈ রৈ কান্ড। হুড়া থেকে কাশিপুর আসার পথে শিমুলতলা আগ্রায় থিক থিক করছে মানুষের ভীড়। আর গাড়ির লম্বা লাইন। মাঝে মোরগ লড়াইয়ের আসর । সেই আসরে লড়াই হচ্ছে কয়েক হাজার জোড়া মোরগের। যে আসরকে সকলেই চেনেন মোরগের বিশ্বকাপের আসর বলে ।

ফি বছর হুড়া থানার জোড়গোড়ার শিমুলডাঙ্গা মাঠে ৭ ও ৮ ই ফাল্গুন মোরগ লড়াইয়ের আসর বসে।জোড়গোড়া ষোলআনা মেলা কমিটির উদ্যোগে এই আখড়ায় অংশ নেন ঝাড়খন্ড, বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গের এই চার রাজ্যের হাজার হাজার মোরগ রসিক। যাদের বলা হয় হাউসি। মেলা কমিটির সদস্য সুশীল মান্ডি বলেন, ” ১৯৬৪ সাল থেকে এলাকার তিন জন বাসিন্দা এই আসর শুরু করেছিলেন।তারপর থেকেই দিনদিন মোরগ রসিকদের ভীড় বেড়েছে। এবছর কমিটির থেকে ৪ লাখ ২০ হাজার টাকা প্রাইজ রাখা ছিল ।পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড, বিহার, ওড়িশা থেকে রসিকরা আখড়াতে আসেন ।”

জামশেদপুর থেকে মোরগ নিয়ে এসেছিলেন করন মাহাতো। তিনি বলেন “এই আখড়ায় মোরগ লড়াইয়ের মজাই আলাদা। বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি ভাড়া করে ১৫টি মোরগ নিয়ে এসেছি। ৭ টির লড়াই করেছি। সবগুলোই জিতেছি।”

পুরুলিয়া ১ নং ব্লকের কাঁটাবেড়া গ্রামের কিরিটি ভূষণ মাহাত বলেন, “১৯৬৪ সাল থেকে এই আখড়ায় আসছি। কোনো বছর খালি হাতে ফিরিনি।”

এই আসর কেন সেরা,তা বোঝা গেল ঝাড়খন্ডের ধানবাদ থেকে আসা সুবোধ সর্দারের কথায়, “এই নিয়ে ১২ বছর আখড়ায় আসা হয়ে গেল। এমন আসর রাজ্যের কোথাও নেই।”

Post Comment