দেবীলাল মাহাত, আড়শা:
জঙ্গল হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখিও । সবুজ হারিয়ে যাওয়া ও উষ্ণায়নের জেরে পৃথিবী এখন বিপদের সম্মুখীন। । ফের সবুজ ফিরিয়ে আনার ডাক দিয়ে ও পাখিদের রক্ষার বার্তা দিতে আড়শা ব্লকের করন্ডী সরস্বতী পুজো কমিটির এবছরের বিশেষ থিম সবুজায়ন ও পাখিদের রক্ষা। সবুজ রক্ষার বার্তা দিতে পুরো প্যান্ডেল জুড়ে লাগানো হয়েছে বিভিন্ন গাছগাছালি। প্যান্ডেল ফুটে উঠেছে নানা সচেতনতার বার্তা। প্রতিমাতে রয়েছে নতুনত্বের ভাবনা। আর সেই পুজো দেখতে ভিড় উপচে পড়ছে প্যান্ডেলে।
বেশ কয়েক বছর ধরেই গ্রামের এই কমিটির পুজো সকলের নজর কাড়ে। গত বছরের থিম ছিল বৃদ্ধাশ্রম। এবছরেও থিম “সবুজায়ন”। বাজেট প্রায় সাড়ে চার লাখ টাকা। শিল্পী সামন্ত মাঝির ভাবনাতে সাজিয়ে তোলা হয়েছে পুরো প্যান্ডেল। প্রতিমা তৈরি করেছেন স্থানীয় শিল্পী রমেশ কুমার ও নবীন কুমার। পুজো কমিটির সদস্য প্রদীপ মাঝি জানান, “এবারে ন’বছরে পড়ল এই পুজো। দর্শকরা মন্ডপে এলেই সবুজের ছোঁয়া পাবেন। পাশাপাশি মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করা হয়েছে। পুজো উপলক্ষে রয়েছে ছৌনৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।”











Post Comment