insta logo
Loading ...
×

ভোটের প্রস্তুতি তুঙ্গে পুরুলিয়ায়, প্রশাসন ও পুলিশের প্রয়োজন প্রায় ৬ হাজার গাড়ি, খোঁজে তৎপর পরিবহন দপ্তর

ভোটের প্রস্তুতি তুঙ্গে পুরুলিয়ায়, প্রশাসন ও পুলিশের প্রয়োজন প্রায় ৬ হাজার গাড়ি, খোঁজে তৎপর পরিবহন দপ্তর

শুভদীপ মাহাত, পুরুলিয়া:

দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। আর ভোট মানেই কর্মীদের বুথে বুথে পৌঁছানো থেকে শুরু করে এলাকার কড়া নিরাপত্তা, সবকিছুর জন্যই চাই হাজার হাজার গাড়ি। সব মিলিয়ে পুরুলিয়া জেলায় সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রয়োজন প্রায় ছ’হাজার ছোট-বড় গাড়ি। আর এই বিপুল সংখ্যক গাড়ির জোগান দিতে গিয়েই এখন কার্যত কালঘাম ছুটছে পুরুলিয়া আঞ্চলিক পরিবহন দপ্তরের। মোটর ভেহিকেল ইন্সপেক্টর থেকে শুরু করে দপ্তরের অন্যান্য আধিকারিকরা এখন দিনরাত এক করে শুধু ভোটের গাড়ি ধরতেই রাস্তায় নেমেছেন।

​এই মুহূর্তে পুরুলিয়া জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৫২৯টি। তবে পরিস্থিতির নিরিখে অক্সিলিয়ারি বা অতিরিক্ত বুথ তৈরি হলে এই সংখ্যা আরও বাড়বে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গাড়ির চাহিদাও। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভোটকর্মীদের যাতায়াত এবং ইভিএম বুথে বুথে পৌঁছানোর মতো সাধারণ প্রশাসনিক কাজের জন্য সব মিলিয়ে ১১৮টি বড় বাস, ১২টি মিনিবাস এবং ৩০ থেকে ৪২ আসন বিশিষ্ট ৩৬৯টি মাঝারি বাসের প্রয়োজন। এর পাশাপাশি দরকার ২২ আসনের ১০টি ম্যাক্সি ক্যাব এবং প্রায় ১৯০০টি ছোট গাড়ি।

​অন্যদিকে, ভোটের আগে ও ভোটের দিন জেলার নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের একারই প্রয়োজন প্রায় ৩ হাজার গাড়ি। তবে গাড়ি রিকুইজিশন বা ধরার ক্ষেত্রে সাধারণ প্রশাসনের চেয়ে পুলিশ অনেকটাই এগিয়ে রয়েছে। দপ্তরের খবর অনুযায়ী, ইতিমধ্যেই পুলিশ তাদের প্রয়োজনীয় গাড়ির প্রায় ৮০ শতাংশ নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। কিন্তু সাধারণ প্রশাসনের বিপুল গাড়ির কোটা মেটাতে এখনও বেশ বেগ পেতে হচ্ছে। ফলে ভোটের দিন যত এগোচ্ছে, প্রশাসনের বাকি গাড়িগুলো জোগাড় করার জন্য রাস্তায় নেমে গাড়ি ধরার চাপ ততই বাড়ছে পরিবহন দপ্তরের আধিকারিকদের ওপর।

Post Comment