দেবীলাল মাহাত, পুরুলিয়া:
আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নাম ঘোষণা হতেই জেলাজুড়ে শুরু হয়ে গেল জোর কদমে প্রচার। সাথে সাথে দেওয়াল লিখন । রবিবার বিজেপি আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্টও। মঙ্গলবার প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেসও। তার পর থেকেই বিভিন্ন বিধানসভা এলাকায় প্রার্থীদের প্রচার শুরু হয়ে গিয়েছে।
এদিন মানবাজারের বিজেপি প্রার্থী ময়না মুর্মু দুই স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতোর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি প্রচার কাজ শুরু করেন। সাথে চলে মিষ্টি মুখ।
মঙ্গলবার বিকেলে বলরামপুর বিধানসভায় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। প্রবীণ নেতা তথা দলের জেলা চেয়ারপার্সন এবং দু’বারের প্রাক্তন বিধায়ক শান্তিরাম মাহাতোর উপরেই আস্থা রেখেছে ঘাসফুল শিবির। মানবাজার বিধানসভা কেন্দ্রে তৃণমূল ফের প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সন্ধ্যারানি টুডুকে।
এ দিকে, জয়পুর বিধানসভায় বামফ্রন্ট প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোও প্রচার শুরু করেছেন। তৃণমূল জয়পুর বিধানসভায় প্রার্থী করেছেন যুব নেতা অর্জুন মাহাতোকে । বিজেপির এই কেন্দ্রে প্রার্থী এখনো ঘোষণা হয়নি। কর্মী-সমর্থকদের নিয়ে ইতিমধ্যেই দেওয়াল লেখা ও ছোট বৈঠকের মাধ্যমে প্রচারে নেমেছে বাম শিবির।

রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরির নাম ঘোষণা হতেই সবুজ আবির মেখে গলায় গাঁদা ফুলের মালা নিয়ে কর্মীদের সাথে উচ্ছাসে ফেটে পড়েন। গতবার বিধানসভা ভোটে হেরে যান হাজারি বাউরি। কিন্তু হেরে গেলেও তিনি মাটি কামড়ে পড়ে থাকেন। তারই পুরস্কার পেয়েছেন প্রার্থী হিসাবে। এদিন তৃণমূল প্রার্থী হাজারি বাউরি বলেন, “এবার জিতবই। গতবার কোথায় কোথায় ভুল হয়েছিল তা আগেই শুধরে নিয়েছি। “
এদিকে বান্দোয়ানের সিপিএম প্রার্থী রথু সিং সর্দার কর্মীদের নিয়ে এদিন ওই বিধানসভার কুঁচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারে
প্রত্যন্ত গ্রাম পঁচাপানি, লুকাপানিতে দেওয়াল লেখেন। অন্যদিকে এই বিধানসভার বিজেপি প্রার্থী লব সেন বাস্কে বরাবাজারের বেলতলা কালিমন্দিরে পুজো দিয়ে বিধানসভা ভোটের প্রচার শুরু করেন। পাশাপাশি কর্মীদের নিয়ে একটি বেসরকারি লজে বৈঠক করেন।











Post Comment