insta logo
Loading ...
×

দুই মিনিটের ব্যবধানে ভাঙল স্বপ্ন, এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন পরীক্ষার্থী

দুই মিনিটের ব্যবধানে ভাঙল স্বপ্ন, এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি,‍ পুরুলিয়া:

দীর্ঘ প্রস্তুতি, অগণিত প্রত্যাশা এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, সবকিছু নিয়েই রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন বলরামপুরের যুবক রাধাকান্ত কুমার। লক্ষ্য ছিল বহু প্রতীক্ষিত এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় অংশগ্রহণ করা। কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই সেই স্বপ্ন ভেঙে পড়ে পরীক্ষা কেন্দ্রের গেটেই।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিস্তারিণী কলেজ-এ। সেখানেই ওই পরীক্ষার একটি কেন্দ্র ছিল। অভিযোগ, পথে তীব্র ট্রাফিক জ্যামে আটকে পড়ায় নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে কেন্দ্রে পৌঁছান রাধাকান্ত। তড়িঘড়ি করে কেন্দ্রে প্রবেশের জন্য এগোতেই তাকে জানানো হয়, পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল ফোন বাইরে রেখে ঢুকতে হবে।

রাধাকান্তের দাবি, সেই সময় তার হাতে প্রায় দুই মিনিট সময় ছিল। কিন্তু কেন্দ্রের বাইরে ব্যাগ ও মোবাইল রাখার কোনও নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় তিনি বিপাকে পড়েন। কর্তৃপক্ষ ওই জিনিসগুলির দায়িত্ব নিতে অস্বীকার করায় বাধ্য হয়ে পাশের একটি দোকানে ব্যাগ রেখে দ্রুত অ্যাডমিট কার্ড নিয়ে আবার পরীক্ষাকেন্দ্রের গেটে ফিরে আসেন।

কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। রাধাকান্তের কথায়, সময়সীমা তখনও অতিক্রম না হলেও তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। এমনকি কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করারও চেষ্টা করেন। তবে তার অভিযোগ, সেই সুযোগও তাকে দেওয়া হয়নি। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ডেকে তাকে কেন্দ্রের বাইরে সরিয়ে দেওয়া হয়।
পরীক্ষা কেন্দ্রে দাঁড়িয়েই নিজের অসহায়তা ও হতাশা সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই পরীক্ষার্থী। বহুদিনের প্রস্তুতি ও অপেক্ষার পর এমন সুযোগ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

Post Comment