নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
কাশিপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল অধ্যায় সংযোজিত হল অষ্টম দোল উৎসবের মাধ্যমে। স্থানীয় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা বহন করে এ বছরের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিক্রমার আয়োজন করে কাশিপুর কালচারাল অ্যাকাডেমি। উৎসবকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, অংশগ্রহণ করেন কাশিপুরের বিভিন্ন প্রান্তের নাগরিকরা।
ঐতিহ্যবাহী কাশিপুর রাজবাড়ির প্রাঙ্গণ থেকে শুরু হয় এই দোল উৎসবের শোভাযাত্রা। রঙের আবির, ঢাক-ঢোলের বাদ্য এবং সুরেলা সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই পরিক্রমা গোটা বাজার এলাকা প্রদক্ষিণ করে। নৃত্য, সংগীত ও আবৃত্তির মতো বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সৌমেন বেলথরিয়া। তিনি তার বক্তব্যে কাশিপুরের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে এবং নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখে”।
কাশিপুরে এ বছরের দোল উৎসব শুধু একটি বার্ষিক অনুষ্ঠান নয়, বরং ছিল ঐক্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক বর্ণাঢ্য উদযাপন।










Post Comment