নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
আসছেন অভিষেক। আগামী ৩০শে মার্চ একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে ঝালদা থানার অন্তর্গত ইচাগ ১০৮ কুঞ্জ ময়দানে। আকাশপথে সরাসরি সভাস্থলে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । জনসভার প্রস্তুতি ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উৎসাহ তুঙ্গে । রাজনৈতিক মহলের মতে, এই সভা শুধু প্রচার নয়, বরং নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ হয়ে উঠতে পারে। তৃণমূল নেতৃত্বের দাবি, পাহাড়-জঙ্গল ঘেরা এই অঞ্চলে সাধারণ মানুষের যে সাড়া মিলেছে, তাতে ইতিমধ্যেই স্পষ্ট, সেই সাড়া সভার দিন জনসমুদ্রের রূপ নেবে।
ফলে সভার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না দল। বৃহস্পতিবার বাঘমুন্ডি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাত নিজে উপস্থিত থেকে গোটা মাঠ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন ব্লক স্তরের একাধিক নেতা ও কর্মী। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে হেলিপ্যাড তৈরির সম্ভাব্য জায়গা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, জনসাধারণের প্রবেশ ও প্রস্থানের পথ সবকিছুই খুঁটিয়ে দেখা হয়।প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও তিনি এদিন বিস্তারিত আলোচনা করেন, যাতে সভার দিন কোনও রকম বিশৃঙ্খলা না ঘটে।
বাঘমুন্ডির তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাত জানান,“আমরা আশা করছি এই জনসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন। সেই কারণেই আগে থেকেই সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই মাঠ ও আশপাশের এলাকা পরিদর্শন করা হয়েছে। এই সভা বাঘমুন্ডিতে তৃণমূল কংগ্রেসের শক্তিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।”
রাজনৈতিক মহলের মতে, এই জনসভা বাঘমুন্ডি বিধানসভায় আসন্ন নির্বাচনের আগে এক বড় শক্তিপরীক্ষা হিসেবেই বিবেচিত হবে। এমনিতেই বাঘমুন্ডি জেলার অন্যতম হটসিট। অভিষেকের সভা কি সুশান্তর পালে হাওয়া তুলতে পারবে? এই প্রশ্নই এখানে এখন সবচেয়ে দামি।










Post Comment