insta logo
Loading ...
×

রুপোলি ছোঁয়ায় নাইট ম্যারাথন লুটছে বাংলার আলো

রুপোলি ছোঁয়ায় নাইট ম্যারাথন লুটছে বাংলার আলো

বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া ও অযোধ্যা :

অযোধ্যা পাহাড়। সেইসঙ্গে রাত। আর তার সঙ্গে বাংলার প্রথম নাইট ম্যারাথন। টলিউডের রুপোলি পর্দার নামকরা শিল্পীরা ভিডিও বার্তায় প্রচার করছেন।

ম্যারাথনে অংশ নিচ্ছেন রাজ্যের প্রখ্যাত ক্রীড়াবিদরা। সবে মিলে ২২ ফেব্রুয়ারি অযোধ্যা পাহাড়ে অনুষ্ঠিত হতে চলা বাংলায় প্রথম নাইট ম্যারাথন যেন লুটে নিয়েছে সারা বাংলার আলো। বুধবার তারই প্রচারে বর্ণাঢ্য র‍্যালি করে এই দৌড়ের লোগো, জার্সি ও থিম সংয়ের সূচনা হলো। এদিন বিকালে পুরুলিয়া শহরে হয় বর্ণাঢ্য র‍্যালি । র‍্যালিতে পুরুলিয়ার লোকশিল্পকে তুলে ধরে জেলা পুলিশ। সঙ্গে ছিল পড়ুয়ারাও। র‍্যালিতে হাঁটেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের কর্তারা।

এদিন রাতে অযোধ্যা পাহাড়ের আপারড্যামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ম্যারাথনের লোগো, থিম সং এবং জার্সির উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেখানে নাইট ম্যারাথনের প্রচার দৌড়ে অংশ নেন স্বয়ং পুলিশ সুপার সহ জেলার পুলিশ কর্তারা।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “নাইট ম্যারাথনকে ঘিরে পুরুলিয়ায় একটা আলাদা উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা যাচ্ছে। অযোধ্যা পাহাড়ের সঙ্গে তো একটা আবেগ রয়েইছে। তাছাড়া রাতের বেলায় ম্যারাথন। এই ম্যারাথনের প্রচারে আমরা র‍্যালি করলাম। জার্সি, থিম সং, মেডেলের উদ্বোধন হলো।” পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই থিম সং-এর কথা রচনা, সুর সংযোজন ও গান গেয়েছেন এক ইন্সপেক্টর।

পুলিশ সূত্রে জানা গেছে নাইট ম্যারাথনে এই জেলার লোকশিল্পকে তুলে ধরা হবে। ছৌ, ঝুমুর, নাটুয়া, নাচনির মধ্য দিয়ে তুলে ধরা হবে পুরুলিয়ার সংস্কৃতিকে। পাশাপাশি থাকবেন সঙ্গীত শিল্পী সহ টলিউডের তারকারা।

Post Comment