insta logo
Loading ...
×

উড়ন্ত চুমুতে বরাবাজার আর বলরামপুরে দেবের রোড শো, নায়ককে দেখতে না পেয়ে ক্ষোভ

উড়ন্ত চুমুতে বরাবাজার আর বলরামপুরে দেবের রোড শো, নায়ককে দেখতে না পেয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি , বরাবাজার ও বলরামপুর:

চৈত্রের তপ্ত দুপুর। মাথার উপর প্রখর রোদ। তার মধ্যেই ভিড় ঠেলে এগিয়ে চলেছে হুডখোলা জিপ। আর সেই জিপে দাঁড়িয়ে একের পর এক উড়ন্ত চুমু ছুঁড়ছেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক দেব তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী। কোথাও হাত নাড়ছেন, কোথাও ফুল ছুঁড়ে দিচ্ছেন জনতার দিকে। মুহূর্তে উৎসবের আবহ বরাবাজার ও বলরামপুরে।

তবে সেই উচ্ছ্বাসের মাঝেই ধরা পড়ল ক্ষোভের সুরও।

এদিন সকাল সাড়ে ন’টায় বরাবাজারে রোড শোয়ের কথা থাকলেও শুরু হতে বেজে যায় প্রায় দুপুর ১২টা। রাগমা অস্থায়ী হেলিপ্যাডে নেমে সড়কপথে বরাবাজারে পৌঁছান অভিনেতা-সাংসদ। স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শুরু হয় কর্মসূচি। বান্দোয়ান কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীবলোচন সোরেনের সমর্থনে রোড শোয়ে দেবের সঙ্গে ছিলেন প্রার্থী নিজেও।

হুডখোলা জিপ ঘিরে তখন কার্যত জনস্রোত। তরুণ-তরুণী থেকে মধ্যবয়স্ক, কারও উচ্ছ্বাসে খামতি নেই। রাস্তার দু’ধারে অপেক্ষারত মানুষজনের দিকে হাত নেড়ে অভিবাদন জানান দেব। কোথাও অটোগ্রাফ, কোথাও ফুল বিলি, সব মিলিয়ে সিনেমার নায়কের উপস্থিতিতে রাজনৈতিক মঞ্চ যেন মিশে গেল তারকা-আবহে।

কিন্তু ভিড়ই কাল হল অন্যত্র। বরাবাজারের ইন্দটাড় এলাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও দেখা মিলল না প্রিয় নায়কের। বাজারে অতিরিক্ত ভিড়ের জেরে সেখানকার মানুষ যেতেই পারেননি দেব দর্শনে। ভেবেছিলেন এখানকার পথ সভায় আসবেন দেব। আসেননি। ফলে হতাশা ছড়ায় অপেক্ষারত মানুষের মধ্যে।

একই ছবি বলরামপুরেও। তেঁতলো থেকে শুরু হওয়া রোড শোতে উপচে পড়া ভিড় থাকলেও, প্রবল গরম ও শারীরিক ক্লান্তির জেরে শহরের কালিতলা পর্যন্ত আর এগোয়নি প্রচার গাড়ি। প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর সমর্থনে আয়োজিত কর্মসূচি মাঝপথেই শেষ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

Post Comment