সুইটি চন্দ্র, পুরুলিয়া:
পুরুলিয়া শহরে এক বিশেষ সম্মাননা প্রদান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে। জেলার দুই পরিচিত মুখ— এক শিল্পপতি ও এক চিকিৎসকের হাতে পৌঁছে গেল রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের দলিল। এই ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়া বিধানসভা এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে।
বুধবার পুরুলিয়া শহরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সৌমেন বেলথরিয়া জেলার শিল্পপতি মনোজ ফগলা এবং চিকিৎসক মনোজিৎ মন্ডলের হাতে উন্নয়নের ওই দলিল তুলে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাঠানো চিঠিও তাদের হাতে তুলে দেওয়া হয়।
বিশেষ করে চিকিৎসক মনোজিৎ মন্ডলকে এই সম্মান প্রদান ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে কি কোনওভাবে ব্যবহার করা হতে পারে? যদিও এই বিষয়ে প্রকাশ্যে কেউই মুখ খুলতে চাননি।
শিল্পপতি মনোজ ফগলা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জঙ্গলমহল সহ বিভিন্ন জেলায় পরিবর্তন চোখের সামনে দেখা যাচ্ছে। উন্নয়নের এই দলিলের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।”
চিকিৎসক মনোজিৎ মন্ডলের বক্তব্য, “মুখ্যমন্ত্রীর এই সম্মাননায় আমি সত্যিই আপ্লুত। একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করি, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।”
রাজ্য তৃণমূলের সম্পাদক সৌমেন বেলথরিয়া জানান, “২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই দলিলে। সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষদের হাতে তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা তাঁদের অবদানকে সম্মান জানাচ্ছি।”
উল্লেখ্য, এর আগে জেলার ছৌ শিল্পী, ঝুমুর শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও লোকসংস্কৃতি গবেষকদেরও এই সম্মাননা প্রদান করা হয়েছে। তবে শিল্পপতি হিসেবে মনোজ ফগলার নাম যুক্ত হওয়ায় শিল্পমহলেও ইতিবাচক সাড়া পড়েছে।
সব মিলিয়ে সম্মাননা প্রদান কর্মসূচি পুরুলিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।









Post Comment