insta logo
Loading ...
×

দুয়ারে হরিণ! তারপর?

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

ছাগলের পাল গিয়েছিল জঙ্গলে চরতে। ফেরার সময় তাদের সঙ্গে আস্ত একটি হরিণ। আগেকার দিন হলে দিব্যি হরিণ মাংসের ভোজ জমত গ্রামে। কিন্তু সচেতনতার প্রচারের ফলে এ যাত্রায় হলো পৃথক ফল ! ঘরে আসা হরিণকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনা রবিবার সকালে ঝালদা রেঞ্জের কলমা বিটের বকদ গ্রামে৷ বাসিন্দাদের বনবান্ধব ভূমিকার প্রশংসা করে পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন,”বন ও বন্যপ্রাণী রক্ষার বার্তা দিয়ে দফতরের তরফে টানা প্রচার চলছে। তাতে সামিল গ্রামবাসীরাও। প্রচারের ফল যে মিলছে সেটা আরো একবার স্পষ্ট হল। “
বনদফতর জানাচ্ছে ,পূর্ণবয়স্ক এবং মাদি হরিণটি বার্কিং ডিয়ার। সম্ভবত সেটি গর্ভবতী। ওজন পঁচিশ থেকে তিরিশ কেজি। ঝালদা রেঞ্জ অফিসে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় হরিণটিকে। পরে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বকদ গ্রামের নারায়ণ ভগতের ঘরে এসেছিল সেই হরিণটি। তিনি বলেন, গোয়াল থেকে সকালে ছাগল খুলতে গিয়ে দেখি বড়সড় একটি হরিণ। গ্রামের সিভিক ভলান্টিয়ার বিনয় মাহাতো এবং বনদফতরে খবর দিই। জঙ্গলের প্রাণী জঙ্গলেই ভালো।
বকদ গ্রামের কাছেই সেঁওয়াতি পাহাড়ের গভীর বন। মনে করা হচ্ছে সেখান থেকেই পথ ভুলে হরিণটি লোকালয়ে এসেছিল। আগেও ওই এলাকা সহ ঝালদার আরো কয়েকটি এলাকা থেকে বার্কিং ডিয়ার উদ্ধার হয়েছে। বন দফতরের দাবি,এর থেকেই স্পষ্ট যে ওই বনাঞ্চলে হরিণের সংখ্যা ক্রমশ বাড়ছে।

Post Comment