নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
চিকিৎসা শিক্ষাঙ্গনে র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে র্যাগিংয়ের নামে মারধর করার অভিযোগ উঠেছে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের দুই পড়ুয়ার বিরুদ্ধে। আহত পড়ুয়ার নাম মেহবুব ইসলাম, বাড়ি মুর্শিদাবাদের ডোমকল এলাকায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। অভিযোগ অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি হোস্টেলে র্যাগিংয়ের সময় ঋষভ সিং এবং অয়ন বাগচি নামে দুই সিনিয়র পড়ুয়া প্রথম বর্ষের অন্য পড়ুয়াদের দিয়ে মেহবুব ইসলামকে মারধর করায়। অভিযোগ, নির্দেশ না মানলে প্রথম বর্ষের সকল ছাত্রদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়। বাধ্য হয়ে সহপাঠীরা মারধর করলে গুরুতর আহত হন মেহবুব। শুক্রবার বিষয়টি জানাজানি হতেই আহত পড়ুয়ার পরিবারের সদস্যরা হাসপাতালে এসে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান। এরপর দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে কলেজ প্রশাসন। তারপর অভিযুক্ত দুই ছাত্রকে সাসপেন্ড করে
মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
আহত পড়ুয়া মেহবুব ইসলাম ও তার পরিবার জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। পরিবারের সদস্য মলিনা খাতুন জানান, “র্যাগিংয়ের নামে এভাবে একজন ছাত্রকে মারধর করা অত্যন্ত নিন্দনীয়। আমরা সঠিক বিচার চাই।”
যদিও অভিযুক্ত পড়ুয়ারা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি হবে তা মেনে নেওয়া হবে।
পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সুকোমল বিষয়ি জানান, “র্যাগিংয়ের অভিযোগ আমরা গুরুত্ব সহকারে দেখে
জানতে পারি এই ঘটনা সত্য। দুই ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে।” এই ঘটনাকে ঘিরে মেডিক্যাল কলেজ চত্বরে উত্তেজনা তৈরি হয়।











Post Comment