নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
পৃথক চার দুর্ঘটনায় মৃত্যু তিন জনের, আহত সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন।বৃহস্পতিবার সন্ধ্যায় বলরামপুর টাউন ও সংলগ্ন এলাকায় পরপর চারটি দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার-সহ আরও দু’জন। আকস্মিক এই ঘটনাগুলিতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা নাগাদ বলরামপুর শহরের গোশালা রোডে। পশু হাসপাতালের ভিতরে থাকা একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে যান শক্তিপদ গোপ (৪১)। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে তিনি কুয়োয় পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া– বলরামপুর ১৮ নম্বর জাতীয় সড়কের কেন্দাডি মোড়ের কাছে। অযোধ্যা পাহাড় থেকে ফেরার পথে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে একটি বাইক। গুরুতর জখম হন সনৎ মাহাতো ও সুকুমার মাহাতো। দু’জনকেই উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সনৎ মাহাতোকে মৃত ঘোষণা করা হয়। সুকুমার মাহাতোর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তৃতীয় ঘটনাটিও ঘটে একই এলাকায়। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার তপন মাহাতোকে সজোরে ধাক্কা মারে একটি বাইক। গুরুতর জখম অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। বাইক আরোহীর পরিচয় এখনও জানা যায়নি।
চতুর্থ ঘটনাটি ঘটে নামশোল এলাকায়। মেলা দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হল না আমরুহাসা এলাকার বাসিন্দা সুরেশ হাঁসদা (৪০)-র। বৃহস্পতিবার রাতে মেলা দেখে ফেরার পথে তিনি নিখোঁজ হন। শুক্রবার সকালে আমরুহাসা নদী থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনের দেহই ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।











Post Comment