সুইটি চন্দ্র,পুরুলিয়া:
দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক বিচারাধীন বন্দির। মৃতের নাম বিক্রম আদিত্য (৩৭)। ঝাড়খণ্ডের টাটা-সোনারি এলাকার বাসিন্দা বিক্রম ২০১৯ সালের এক খুনের মামলায় গ্রেফতারের পর থেকে পুরুলিয়া জেলা সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় বন্দি ছিলেন।
জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বিক্রম আচমকা অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে সংশোধনাগার কর্তৃপক্ষ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। তবে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকালে মৃত বন্দির পরিবার পুরুলিয়া জেলা সংশোধনাগারের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। পরিবারের অভিযোগ, বিক্রমের মৃত্যু স্বাভাবিক নয়, এটি পরিকল্পিত খুন।
সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি, বন্দি বিক্রম ‘কিছু একটা খেয়ে ফেলেছিলেন’, যার ফলে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। কিন্তু এই দাবিকে সরাসরি খারিজ করে দিয়েছেন মৃতের পরিবার।
মৃতের স্ত্রী ভাবনা আদিত্য বলেন, “আমার স্বামীকে খুন করা হয়েছে। ওর শরীরে কোনও অসুখ ছিল না। হঠাৎ করে কেমন করে বিষক্রিয়া হবে? এটা পরিকল্পিত খুন।”











Post Comment