নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং লোকসংস্কৃতির রঙে শনিবার উৎসবমুখর হয়ে উঠল ঝালদা শহর। জয়পুর বিধানসভার তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতো এবং বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুশান্ত মাহাত শনিবার ঝালদা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।
এদিন ঝালদা হাটতলা ময়দান থেকে শুরু হয় সুশান্ত মাহাতোর সমর্থনে এক বিশাল মিছিল। পুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হওয়া মিছিলে হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ঢাক-ঢোলের তালে জেলার ঐতিহ্যবাহী ছৌনাচ বিশেষ আকর্ষণ তৈরি করে, যা গোটা পরিবেশকে উৎসবের আবহে ভরিয়ে তোলে। মিছিলে দলের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাত বলেন, “মানুষের এই বিপুল সমর্থন আমাকে ভীষণভাবে আশাবাদী করে তুলছে। আমি উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়েই এই নির্বাচনী লড়াইয়ে নেমেছি”।
তিনি আরও জানান, “এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সমস্যা সমাধানই তাঁর মূল লক্ষ্য”।









Post Comment