insta logo
Loading ...
×

শুনানির নোটিশ ঘিরে চাপানউতোর, ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক তরজা রঘুনাথপুরে

শুনানির নোটিশ ঘিরে চাপানউতোর, ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক তরজা রঘুনাথপুরে

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ভোটার তালিকার ‘লজিক্যাল ডিসক্রিপেনন্সি’ বা তথ্যগত গরমিলের অজুহাত দেখিয়ে প্রায় দেড় হাজার ভোটারকে শুনানিতে তলব ঘিরে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুরে। শুক্রবার রঘুনাথপুর–২ নম্বর ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটারদের ব্লক কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটারদের একাংশ বিক্ষোভে সামিল হন।

তৃণমূলের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত নতুনডি গ্রামের দু’টি বুথকে লক্ষ্য করেই এই পদক্ষেপ। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় মেহেতা দাবি করেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই দুই বুথের মোট ভোটারের প্রায় ৭০ শতাংশকেই ‘লজিক্যাল ডিসক্রিপেনন্সি’র অজুহাতে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।”

যদিও এই অভিযোগ মানতে নারাজ বিরোধীরা। পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি বলেন, “এই কাজ করছেন বিডিও ও এসডিও। তাঁরা রাজ্য সরকারের আধিকারিক। অথচ ফর্ম ৭ জমা নিতেও অনীহা দেখানো হচ্ছে। এর পরে আর কী বলার থাকে?”

ভোটার তালিকা সংশোধন ঘিরে প্রশাসনিক সিদ্ধান্ত ও রাজনৈতিক চাপানউতোরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রঘুনাথপুরের নতুনডি এলাকা। পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন।

Post Comment